চিনকে উচিত শিক্ষা! শ্রীলঙ্কার বৃহত্তম বাণিজ্যিক জাহাজ নির্মাণ কারখানা কিনে নিল ভারত

Published:

India Buys Sri Lanka Factory

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনকে বিরাট ধাক্কা ভারতের! এবার শ্রীলঙ্কার বৃহত্তম বাণিজ্যিক জাহাজ নির্মাণ কারখানার বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নিল ভারতের প্রধান সরকারি প্রতিরক্ষা সংস্থা মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (India Buys Sri Lanka Factory)। ফার্স্টপোস্টের এক রিপোর্ট অনুযায়ী, গত মাসে কলম্বো ডকইয়ার্ড পিএলসির 51 শতাংশ অংশীদারিত্ব কিনেছে এই ভারতীয় সংস্থা। বিশেষ চুক্তির অধীনে এই জাহাজ নির্মাণকারী সংস্থার অংশীদারিত্ব কিনে নেওয়ার মধ্যে দিয়ে সামুদ্রিক প্রতিবেশী অঞ্চলে কৌশলগত দিক থেকে নিজেদের অবস্থান পোক্ত করল নয়া দিল্লি।

ভারতের এমন পদক্ষেপ চিনের জন্য কেন দুশ্চিন্তার?

প্রথমেই বলে রাখি, কলম্বো ডকইয়ার্ড পিএলসি বা সিডিপিএলসি আসলে প্রায় 52 বছরের পুরনো একটি বাণিজ্যিক ইয়ার্ড। যেখানে চারটি গ্রাভিং ড্রাই ডক রয়েছে। সবচেয়ে বড় কথা এই ডকইয়ার্ড 1 লাখ 25 হাজার টন পর্যন্ত জাহাজ পরিচালনার ক্ষমতা রাখে। গোটা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাণিজ্য নির্ভর করে এই ডক ইয়ার্ডের উপর। এখানেই শেষ নয়, এই ডক ইয়ার্ডের অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের এক তৃতীয়াংশের বেশি বাল্ক কার্গো এবং দুই তৃতীয়াংশ তেল চালান ভারত মহাসাগরের মধ্যে দিয়ে যাতায়াত করে। সেই সংযোগস্থলের মধ্যে এই শিপইয়ার্ড পরিকাঠামো নিয়ন্ত্রণ করে এমডিএল।

যে কথা না বললেই নয়, একটা সময় ছিল যখন চিন শ্রীলঙ্কার হাম্বানটোটার মতো গুরুত্বপূর্ণ বন্দরের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করেছিল। এই বন্দরটি নিয়ে শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল ড্রাগন। আসলে গত দশকে শ্রীলঙ্কা চিনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। পরবর্তীতে সেই ঋণ পরিশোধ করতে না পারায় হাম্বানটোটা বন্দরের মতো শ্রীলঙ্কার বড় অবকাঠামো প্রকল্পগুলি নিয়ে নেয় চিন। সহজ ভাষায় বলতে গেলে, চিনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় 99 বছরের জন্য চিনকে গুরুত্বপূর্ণ বন্দরটি ইজারা দিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। যা ভারতের কাছে বড় ধাক্কা ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না।

অবশ্যই পড়ুন: আফ্রিকায় মেড ইন ইন্ডিয়ার দাপট, মোজাম্বিকে রেল ইঞ্জিন পাঠাল ভারত

তবে এবার খেলা ঘুরিয়ে দিল নয়া দিল্লি। 26.8 মিলিয়ন ডলারের চুক্তিতে শ্রীলঙ্কার কলম্বো ডকইয়ার্ড পিএলসি বা সিডিপিএলসি এর অধিকাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে ভারতীয় শিপইয়ার্ড বা মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। এর মধ্যে দিয়ে এবার চিনের লাল চোখ উড়িয়ে দ্বীপ রাষ্ট্রটিতে নিজেদের ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে নিল ভারত। এক কথায় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার সামুদ্রিক অঞ্চলে চিনের একাধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে শক্তি প্রদর্শন করল ভারত। যা চিনের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে সে কথা বলাই যায়।