অনন্যা সরকার, দেওঘর: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তার জনসেবার ২৫ বছর পূর্ণ করলেন। ২০০১ সালে প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। তারপর ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নরেন্দ্র মোদীর এই দীর্ঘ ২৫ বছর জনসেবার পূর্তি উপলক্ষে গোড্ডা সংসদীয় কেন্দ্রে নমো অ্যাম্বুলেন্স (Namo Ambulance) পরিষেবা চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে। কীভাবে এই পরিষেবা লাভ করা যাবে, আসুন জেনে নেওয়া যাক।
কবে থেকে চালু হবে নমো অ্যাম্বুলেন্স?
আগামী ২২ জুন বিকেল ৪টায় এই জনসেবামূলক প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গোড্ডার সাংসদ ডঃ নিশিকান্ত দুবে। এই অ্যাম্বুলেন্স পরিষেবাটি বছরে ৩৬৫ দিন ২৪ ঘন্টার জন্য উপলব্ধ থাকবে এবং ওই অঞ্চলের জনসাধারণকে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাহায্য করবে। নমো অ্যাম্বুলেন্সগুলি রওনা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং শীঘ্রই এগুলি দেওঘরে এসে পৌঁছাবে। আগামী ২২ তারিখ উদ্বোধনের পর এগুলি এলাকার সাধারণ মানুষদেরকে উৎসর্গ করা হবে।
নমো অ্যাম্বুলেন্স প্রকল্পের অধীনে সাংসদ নিশিকান্ত দুবে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গোড্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছয়টি বিধানসভা কেন্দ্রে সাতটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য পাঠাবেন। এই কেন্দ্রগুলি হল – দেওঘর, মধুপুর, পোরাইয়াহাট, জারমুন্ডি, মহাগামা এবং গোড্ডা। এছাড়াও, দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দির ও তার সংলগ্ন এলাকায় বিশেষ পরিষেবার জন্য আরেকটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে, যা তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুততার সাথে চিকিৎসা সহায়তা দিতে পারবে।
नमो एम्बुलेंस सेवा,24 घंटे 365 दिन निःशुल्क । 22 जून शाम 4 बजे इसका उद्घाटन होगा । प्रत्येक विधानसभा क्षेत्र में यह उपलब्ध रहेगा pic.twitter.com/w1Gp9rVg4i
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) June 15, 2026
প্রতিটি বিধানসভা কেন্দ্রে দিনে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা মিলবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না। এই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন অনুযায়ী রোগীদের তাদের জেলার সদর হাসপাতাল, দেওঘর এইমস বা অন্যান্য বেসরকারি হাসপাতালে পৌঁছে দেবে। সমস্ত অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, কার্ডিয়াক মনিটর, ইমারজেন্সি মেডিক্যাল কিট সহ অন্যান্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম উপলব্ধ থাকবে।
আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে দামি ‘মিয়াজাকি’ আমের ফলন হচ্ছে ভারতে, নজরদারিতে লেগেছে সিসিটিভি
এছাড়াও, প্রশিক্ষিত প্যারামেডিক্যাল কর্মী এবং সহযোগী কর্মীও অ্যাম্বুলেন্সের সাথে আসবেন। এই অ্যাম্বুলেন্সগুলিতে একটি জিপিএস (GPS)-ভিত্তিক ট্র্যাকিং সিস্টেম এবং ফাস্ট রেসপন্স সিস্টেমও অন্তর্ভুক্ত থাকবে। সাধারণ মানুষের সুবিধা প্রদানের জন্য নমো অ্যাম্বুলেন্সের একটি নির্দিষ্ট টোল-ফ্রি নম্বর চালু করা হবে, যে নম্বরে একবার ফোন করলেই দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে গন্তব্যে।










