সহেলি মিত্র, কলকাতা: আবারও বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari)। শিলিগুড়িকে আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের রাজধানী শিলংয়ের সঙ্গে সংযোগকারী ৬১,৫০০ কোটি টাকার একটি মহাসড়ক করিডোরের (Highway Corridor) ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। তিনি জানান, উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং শিলিগুড়ির মধ্যে একটি পৃথক এক্সপ্রেসওয়েও নির্মাণ করা হচ্ছে। এই দুটি প্রকল্পের লক্ষ্য হলো উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা।
৬১,৫০০ কোটি টাকায় তৈরি হবে ৬৩০ কিমি করিডোর
মন্ত্রী বলেছেন, এই করিডোরে নতুন মহাসড়ক নির্মাণ এবং বিদ্যমান সড়কগুলোর উন্নয়ন করা হবে। সরকার আশা করছে, এই প্রকল্পগুলো যাতায়াতের দূরত্ব ও সময় কমাবে এবং ‘চিকেন’স নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের পার্শ্ববর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। তিনি জানান, এই করিডোরটি বর্তমান ২৩০ কিলোমিটার দূরত্ব কমিয়ে মাত্র ১৬৫ কিলোমিটারে নিয়ে আসবে। যাতায়াতের সময়ও অর্ধেক হয়ে যাবে, যা বর্তমান আট ঘণ্টা থেকে কমে মাত্র চার ঘণ্টায় দাঁড়াবে।
তিনটি পর্যায়ে কাজ হবে
৬৩০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটিকে উত্তর-পূর্বাঞ্চলের জীবনরেখা হিসেবে বর্ণনা করে গডকরি বলেন, এই প্রকল্পে নতুন গ্রিনফিল্ড অংশ এবং বিদ্যমান মহাসড়কগুলির উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে। করিডোরের প্রথম অংশ, যা শিলিগুড়ি ও গুয়াহাটির মধ্যে ৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত, তাতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। গাডকারি বলেন, এই অংশের নকশা এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
দ্বিতীয় অংশটি আসামের গুয়াহাটির জোরাবাতকে শিলংয়ের বড় পানির সঙ্গে যুক্ত করবে। এই গ্রিনফিল্ড সড়কটি বর্তমান ১০০ কিমি দূরত্ব ৬৬ কিলোমিটারে নামিয়ে আনবে বলে খবর। তৃতীয় অংশটি হবে শিলং থেকে শিলচর পর্যন্ত সংযোগকারী ১৬৫ কিলোমিটার দীর্ঘ একটি গ্রিনফিল্ড হাইওয়ে । গাডকারি বলেছেন, এই অংশের কাজের আদেশ নভেম্বরে জারি করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয় রাস্তা, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেশীরা
ভ্রমণের সময় অর্ধেক হয়ে যাবে
নীতিন গডকরি বলেন, “এই করিডোরটি বর্তমান ২৩০ কিলোমিটার দূরত্ব কমিয়ে মাত্র ১৬৫ কিলোমিটারে নিয়ে আসবে। যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। বর্তমান আট ঘণ্টা থেকে কমে মাত্র চার ঘণ্টায় দাঁড়াবে।” তিনি আরও জানান যে, আসামে বর্তমানে প্রায় ৪,৭০০ কিলোমিটার জুড়ে ২৬৫টি প্রকল্পের কাজ চলছে, যার আনুমানিক ব্যয় প্রায় ২ লক্ষ কোটি টাকা।










