প্রথম কন্যা সন্তানে ১ লক্ষ, দ্বিতীয়তে মিলবে ২ লক্ষ! টাকা দিচ্ছে মোদী সরকার?

Published:

pm pib

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর একটি ভিডিওকে কেন্দ্র করে মানুষের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক্সট্রা যোজনা (Extra Yojana) নামে একটি ফেসবুক পেজ থেকে নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কোনও পরিবারের একটি কন্যাসন্তান থাকলে সরকার ১ লক্ষ টাকা এবং দুই কন্যাসন্তান থাকলে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে। বিষয়টি নজরে আসার পরই এর সত্যতা যাচাই করে PIB Fact Check।

সত্যিই কি কোনও সরকারি ঘোষণা রয়েছে?

PIB Fact Check-এর যাচাইয়ে সামনে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। কন্যাসন্তানের জন্য ১ লক্ষ টাকা এবং দুই কন্যাসন্তানের জন্য ২ লক্ষ টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার কোথাও কোনওরকম ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও এমন কোনও বার্তা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। অর্থাৎ গোটা বিষয়টাই ভুয়ো। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির বক্তব্যকে সরকারি প্রকল্পের তথ্য হিসেবে কোনওভাবেই বিশ্বাস করা যাবে না। ভিডিওতে যে আর্থিক সুবিধার কথা বলা হয়েছে, সেটি কেন্দ্রের ঘোষিত কোনও প্রকল্পের অংশ নয়। এটি সম্পূর্ণ মিথ্যে।

গোটা ভিডিওটি খতিয়ে দেখার পর সেটিকে আসল নয় বলেই জানিয়েছে PIB Fact Check। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মতো করে তৈরি এই ডিপফেক ভিডিও ব্যবহার করে মানুষদের বিভ্রান্ত করা হচ্ছে। এই ধরনের ভিডিও দেখে অনেকেই সহজে বিশ্বাস করতে পারেন যে নতুন কোনও সরকারি প্রকল্প চালু হয়েছে। বিশেষ করে কন্যা সন্তান থাকলেই টাকা পাওয়া যাবে, এরকম আকর্ষণীয় বিষয় দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। তাই সোশ্যাল মিডিয়ায় দেখা কোনও ভিডিওকে সরকারি ঘোষণা মনে করার আগে তার উৎস যাচাই করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: এইসব মহিলারা ১৭ সেপ্টেম্বর পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা

PIB Fact Check-এর তরফে সাধারণ মানুষকে সাবধান করা হয়েছে এবং এই ধরনের প্রলোভনে পা দিতে বারণ করা হয়েছে। কোনও সন্দেহজনক লিঙ্ক বা রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য দেওয়া উচিত নয়। সরকারি প্রকল্প নিয়ে কোনও খবর সামনে এলে তার সত্যতা জানতে সরকারি সূত্রের তথ্যকেই কেবল ভরসা করা উচিত। কোনও পোস্টে টাকা পাওয়ার দাবি থাকলেই সেটিকে সত্যি ধরে নিলে বড় বিপদ ঘটতে পারে। তাই বিশ্বাস করার বদলে আগে যাচাই করুন এবং নিশ্চিত না হলে সেটি অন্যদের সঙ্গে শেয়ার না করাই ভালো।