বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে উত্তাল গোটা দেশ! বাকি দুই নির্বাচন কমিশনারের বিতর্কিত মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই একজোট হয়েছে বিরোধীরা। মঙ্গলবার, দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে বিশেষ বৈঠকে অংশগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ অন্যান্য বিরোধীপক্ষ। এমতাবস্থায়, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং (R. K. Singh)। তাঁর দাবি, 2003 সালের পর থেকে ERO-রা ভোটার তালিকায় যত নাম তুলেছিলেন, সেই সমস্ত নাম বেআইনিভাবে বাদ দিতে উঠে পড়ে লেগেছে জ্ঞানেশ কুমার।
নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা
অন্যান্য বিরোধীদের মতোই মুখ্য নির্বাচন কমিশনারের কার্যক্রমকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়েছেন তিনি। শুধু তাই, এ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর সাথে সাথে বিরোধীদের ভোট বা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ বাকি বিরোধীদের পাশাপাশি ককরোচ জনতা পার্টিকে একজোট হয়ে লড়াই করার কথা জানিয়েছেন তিনি।
অবসরপ্রাপ্ত IAS অফিসার আর কে সিং বিহারের আরায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত রয়েছেন তিনি। সেই ব্যক্তিই এবার দেশের গণতন্ত্র বাঁচানোর দাবি জানিয়ে ভারতের আমজনতার কাছে বড় আবেদন রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আপনারা চান তো যে ভারতে গণতন্ত্র বেঁচে থাকুক? যদি এমনটা চেয়ে থাকেন তবে বুঝে নেওয়া দরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং তাঁর মাথায় বসে থাকা লোকজন SIR এর নামে যেটা করছে সেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী।”
আরও পড়ুন: খেলতে যাওয়ার পথে পাকিস্তানের ফুটবলারদের বাস থামিয়ে ডাকাতি, শিরোনামে সেই বালুচিস্তান
বিজেপি নেতা আরও জানান, “কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রেই পুনর্বিবেচনা করা যায়। তাছাড়া প্রত্যেক ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করতে হয়। কোনও নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্র বা এলাকায় পুনর্বিবেচনা করা যায়। 21 নম্বর ধারা এটাই বলে। তবে গোটা দেশে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ বেআইনি। SIR বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ভুল ছিল।” এদিন একপ্রকার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিরোধিতা করেই তার নেপথ্যে কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় জনতা পার্টির সরকারের প্রাক্তন মন্ত্রী।










