ভ্রমণের সাথে মিলবে পুরস্কারও, যাত্রীদের ১০ হাজার টাকা দেবে রেল

Published:

Indian Railways

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার চিঠি লিখলেই ভারতীয় রেলের (Indian Railways) তরফে আপনাকে কড়কড়ে ১০,০০০ টাকা দেওয়া হবে। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। আসলে রেলের তরফে একটি বিশেষ স্কিম আনা হয়েছে। সেই স্কিমের আওতায় যাত্রীরা এই টাকা জেতার সুযোগ পাবেন। চলুন সেই স্কিমটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

রেল যাত্রীদের ১০,০০০ টাকা দেবে সরকার

আসলে যাত্রীদের অভিজ্ঞতা তুলে ধরা এবং হিন্দিতে সৃজনশীল লেখালেখিকে উৎসাহিত করার লক্ষ্যে রেলওয়ে বোর্ড ‘রেল ট্র্যাভেলগ অ্যাওয়ার্ড স্কিম-২০২৬’ চালু করেছে। নির্বাচিত অংশগ্রহণকারীরা নগদ পুরস্কার পাবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬ এবং দেশের যেকোনো নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন বলে খবর।

রেলের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো যাত্রীদের প্রকৃত অভিজ্ঞতা তুলে ধরা, যাতে তার ভিত্তিতে পরিষেবার উন্নতি করা যায়। মূলত হিন্দি ভাষায় সৃজনশীল লেখালেখিকে উৎসাহিত করার ক্ষেত্রেও এই উদ্যোগটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ আশা করে যে, এই প্রতিযোগিতার মাধ্যমে যাত্রীদের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের অভিজ্ঞতাই সামনে আসবে, যা রেল ব্যবস্থার ক্ষেত্রে আগামী দিনের উন্নতিতে সহায়ক হবে।

মানতে হবে কিছু শর্ত

যদিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৮,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৬,০০০ টাকা। এছাড়া পাঁচজন অংশগ্রহণকারী প্রত্যেকে ৪,০০০ টাকা করে সান্ত্বনা পুরস্কার পাবেন। অংশগ্রহণকারীদের ৩,০০০ থেকে ৩,৫০০ শব্দের মধ্যে হিন্দিতে একটি ভ্রমণকাহিনী, অভিজ্ঞতা সম্পর্কে লিখে জমা দিতে হবে। লেখাটি সম্পূর্ণ মৌলিক এবং ডাবল-স্পেসড হতে হবে। প্রতিটি পৃষ্ঠায় কমপক্ষে এক ইঞ্চি মার্জিন এবং পেজ নম্বর দেওয়া আবশ্যক। এন্ট্রির সাথে ‘রেল ভ্রমণকাহিনী-২০২৬’ শিরোনামটি অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুনঃ এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন? মিলল বড় খবর

চিঠি পাঠান এই ঠিকানায়

আগ্রহী অংশগ্রহণকারীরা তাদের আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারেন: সহকারী পরিচালক, হিন্দি (প্রশিক্ষণ), কক্ষ নং-৩১৬, কনফো রেল অফিস কমপ্লেক্স, তিলক ব্রিজ, আইটিও, নতুন দিল্লি-১১০০০২।