এবার আরও কঠিন কৃষি ঋণ যাচাই, নিয়মে বদল আনল RBI

Published:

rbi

আনিষা চৌধুরী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা। এবার কৃষি ঋণ (Farm Loans) দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার পাশাপাশি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং (Priority Sector Lending)-এর হিসাবের নিয়মেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছে RBI (Reserve Bank of India)। ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং কৃষি ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই নতুন উদ্যোগ।

নতুন নিয়ম সম্পর্কে ব্যাংকের বক্তব্য

নতুন প্রস্তাবিত নিয়মগুলি মূলত সেই সমস্ত ব্যাঙ্কগুলির জন্য, যারা কৃষকদের কৃষিকাজের উদ্দেশ্যে ঋণ দিয়ে থাকে। RBI-এর বক্তব্য অনুযায়ী, বিশেষ করে সোনার গয়না বন্ধক রেখে কৃষি ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে ব্যাঙ্কগুলিকে। ঋণের টাকা যাতে প্রকৃত কৃষিকাজেই ব্যবহার হয় এবং ভুয়ো তথ্যের ভিত্তিতে কেউ এই সুবিধা না পায়, সেই লক্ষ্যেই যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে চাইছে RBI।

সোনার গয়না বন্ধক রেখে ঋণেও নতুন শর্ত: কৃষিকাজের জন্য সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিলেও তা অগ্রাধিকার ক্ষেত্রের ঋণ বা PSL-এর আওতায় থাকতে পারে। তবে ঋণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বন্ধক রাখা সোনার বাজারমূল্যই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচিত হবে না। কৃষিকাজের প্রকৃত আর্থিক প্রয়োজন অনুযায়ী ঋণের অঙ্ক স্থির করতে হবে। পাশাপাশি জমির অবস্থান ও সেখানে কোন ফসল চাষ হচ্ছে, সেই তথ্যও নথিভুক্ত রাখতে হবে।

ঋণের টাকা ব্যবহারে নজরদারি: কৃষি ঋণের টাকা সঠিক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাঙ্ক আধিকারিকদের সরেজমিনে পরিদর্শন করতে হবে। সেই পরিদর্শনের রেকর্ডও সংরক্ষণ করতে হবে। অন্যদিকে, ভূমিহীন কৃষিশ্রমিক ও ভাগচাষিদের ক্ষেত্রে জমির রেকর্ড বা পাট্টা না থাকলে তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য বিকল্প যাচাইযোগ্য নথি রাখতে হবে।

আরও পড়ুন: “দিমাগি নকশালরা এখনও শিশুদের বিভ্রান্ত করছে” বস্তার থেকে বার্তা মোদীর

PSL-এর হিসাবেও পরিবর্তনের প্রস্তাব: এছাড়াও, লেটার অফ ক্রেডিটের (LC) মাধ্যমে বাণিজ্যিক বিলের হিসাব করার পদ্ধতিতেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছে RBI। এই ধরনের বিলকে Net Bank Credit (NBC) এবং Adjusted Net Bank Credit (ANBC) গণনার বাইরে রাখা যাবে না। RBI-এর প্রস্তাবিত এই নির্দেশিকার উপর আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মহলের মতামত ও পরামর্শ জমা দেওয়ার সুযোগ রয়েছে।

google button