আনিষা চৌধুরী, কলকাতা: স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলো বছর, অথচ এতদিন অবধি বিদ্যুতের আলো পৌঁছয়নি বাড়িতে। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার সুমতিনগরের ৯৯ নম্বর বুথের ১৬টি পরিবারকে এতদিন কাটাতে হয়েছে অন্ধকারের মধ্যে। নানা সমস্যার সঙ্গে লড়াই করেই দিন কাটছিল তাঁদের। অবশেষে বিজেপি সরকারের আমলে সেই পরিবারগুলির ঘরে পৌঁছল বিদ্যুৎ (Electricity)। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার বিদ্যুতের আলোয় আলোকিত হল ১৬টি পরিবার।
কী বলছেন বিধায়ক?
এই উপলক্ষে এলাকায় উপস্থিত হন সাগরের বিজেপি বিধায়ক সুমন্ত কুমার মণ্ডল। তাঁর উপস্থিতিতে নতুন ট্রান্সফরমার বসিয়ে ১৬টি পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। শুধু বিদ্যুৎ নয়, এলাকার বাসিন্দারা যাতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় পরিকাঠামো পান, সেই বিষয়েও আশ্বাস দেন বিধায়ক। সুমন্ত কুমার মণ্ডল বলেন, “সরকারি যে সুযোগগুলো মানুষের পাওয়া উচিত, আমাদের বাড়ি বাড়ি পুরো ক্যাম্পেনিং হবে। আমাদের এলাকায় যাঁরা কর্মকর্তারা রয়েছেন বা আমার মধ্যে দিয়েই যাঁর যেগুলো পাওয়ার দরকার, তাঁদের সঠিক প্রাপ্য তাঁরা অবশ্যই পাবেন। এটা আমার কমিটমেন্ট, এটা আমার দায়বদ্ধতা। আমি সুমতিনগরের গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত অধিবাসীকে, অনেক মায়েরা এখানে আছেন, আমি তাঁদের আশ্বস্ত করেছি। যেমন আপনারা বিদ্যুতের আলো পেলেন, রাস্তাও পাবেন, টয়লেটও পাবেন। চিন্তা করবেন না, বাড়ির ছেলে হিসাবে বিধায়ক আমি যতদিন আছি, আপনারা সমস্ত কিছু পাবেন।” দীর্ঘদিনের অপেক্ষার পর বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোয় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। এক গ্রামবাসীর কথায়, “আমরা খুব খুশি। সরকার, আমাদের এলাকার বিধায়ক আমাদের কথা ভেবে যা যা করেছেন, আমরা তাতে খুব খুশি।” অন্য এক বাসিন্দা বলেন, “রাস্তাঘাট খুব খারাপ। এর মধ্যেই ছেলেমেয়ে নিয়ে থাকি। চলাফেরা করতে পারছে না। বিদ্যুৎ এসে গেছে, আর কোনও সমস্যা নেই। সবার মুখে হাসি ফুটেছে।”
আরও পড়ুন: বরাদ্দ ২০০০ কোটি! কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত সরকারের
উল্লেখ্য, বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সুমতিনগরের বাসিন্দাদের আরও বেশ কিছু মৌলিক সমস্যার সমাধানের দাবি রয়েছে। বিশেষ করে এলাকার বেহাল রাস্তাঘাটের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। শুধু বিদ্যুৎ নয়, শৌচালয় ও অন্যান্য সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিধায়ক। বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, এবার উন্নত রাস্তার আশায় সরকারের সাহায্যের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসীরা।










