প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যরাতে জামশেদপুরে (Road Accident In Jamshedpur) ঘটে গেল ভয়ংকর সড়ক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই রাজ্যের মন্ত্রীর মেয়ে সহ ৪ জনের মৃত্যু। জানা গিয়েছে সংঘর্ষ (accident) এতটাই তীব্র ছিল যে, ট্রাকের সঙ্গে ধাক্কায় মন্ত্রীর মেয়ের গাড়ি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। অন্যদিকে খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী দুর্ঘটনাস্থলে ছুটে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে মন্ত্রীর পরিবার।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার ভোররাতে জামশেদপুরের দোমুখানি এলাকায়। জামশেদপুরের মেরিন ড্রাইভে কোনও প্রকার যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল৷ আর সেই সময় পিছন থেকে চারচাকা গাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছিল৷ সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে, গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। জানা গিয়েছে ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকা পান্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঘটনাস্থলেই মন্ত্রীর মেয়ে সহ মোট ৪ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ সকলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
জানা গিয়েছে, মৃতদের মধ্যে ছিলেন সার্থক আগরওয়াল, নমন গুপ্তা, বংশিকা খান্ডেলওয়াল। কীভাবে ঘটনাটি ঘটল, তা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও মন্ত্রীর মেয়ের গাড়িতে কেউ মদ্যপ ছিলেন কি না তাও তদন্ত করে জানার চেষ্টা চলছে। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রী দীপিকা পান্ডে সকালেই পরিবারের সদস্যদের সঙ্গে জামশেদপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ঝাড়খণ্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ইরফান আনসারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে পুরো ঘটনার খবর সামনে আনেন।
बेहद दुखद एवं हृदयविदारक खबर…
अभी-अभी अत्यंत दुखद सूचना मिली कि आज सुबह जमशेदपुर में एनएच हाईवे पर हुए सड़क हादसे में हमारी छोटी बहन एवं ग्रामीण विकास मंत्री दीपिका पांडे जी की बेटी का निधन हो गया।
इस असहनीय दुःख की घड़ी में मैं दीपिका जी और पूरे परिवार के प्रति अपनी गहरी…
— Dr. Irfan Ansari (@IrfanAnsariMLA) September 24, 2026
আরও পড়ুন: সত্যিই কি রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে? RBI-র নির্দেশের পর বৈঠক আন্দোলনরতদের
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “দীপিকা পান্ডে সিং-এর কন্যা ও অন্যদের মৃত্যুর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। আমি গভীরভাবে মর্মাহত। সন্তান হারানোর শোক যে কোনও বাবা-মা বা পরিবারের জন্য অসহনীয় ও অবর্ণনীয়।” এছাড়াও আরও অনেক রাজনীতিবিদ এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন।










