জোরে কথা বা গান চালালে ৫০০ টাকা ফাইন, নয়া নিয়ম মেট্রোর

Published:

Chennai Metro

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ মেট্রোতে করে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার মেট্রোতে উঠে জোরে জোরে কথা বললে বা চিৎকার করলে আপনার থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হবে। শুনে চমকে গেলেন তো?  কিন্তু এটাই সত্যি। মেট্রোর তরফে এই বিষয়ে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে আর এই নিয়ম সকলকে মেনে চলতে হবে। যদি কেউ তা না মেনে চলেন তাহলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

মেট্রোতে জোরে কথা বললেই ৫০০ টাকা জরিমানা!

এমনিতেই মেট্রোতে যাতায়াতকারী যাত্রীদের উপর সময়ে সময়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে, চেন্নাই মেট্রো (Chennai Metro) রেল প্রশাসন মেট্রো যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। জানানো হয়েছে যে, যারা চেন্নাই মেট্রো রেল ভ্রমণ বিধিমালা লঙ্ঘন করে অন্যদের অসুবিধা সৃষ্টি করবে, তাদের জরিমানা করা হবে। মেট্রো রেল আইন, ২০০২-এর ৫৯ ধারা অনুযায়ী, উপদ্রব সৃষ্টি করা বা সহযাত্রীদের আরামে ব্যাঘাত ঘটানো একটি দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে জানানো হয়েছে যে মোবাইল ফোনে জোরে কথা বললে জরিমানা আরোপ করা হবে।

নির্দেশিকা জারি কর্তৃপক্ষের

মেট্রো প্রশাসন জানিয়েছে যে, মেট্রোতে ও চত্বরে হেডফোন ছাড়া গান বা ভিডিও দেখলে, কিংবা মোবাইল ফোনের স্পিকার মোড ব্যবহার করলে জরিমানা আরোপ করা হবে। উপরোক্ত কার্যকলাপের মাধ্যমে অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এবং অন্যদের বিরক্ত করে এমনভাবে মোবাইল ফোন ব্যবহার করা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইন অনুযায়ী, নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

আরও পড়ুনঃ দিঘা, মন্দারমণি যাচ্ছেন? সাবধান! হোটেলে মিলবে না রুম, জারি নির্দেশিকা

মেট্রো প্রশাসন আরও জানিয়েছে যে, প্রয়োজনে মেট্রো কর্মকর্তারা তাঁদেরকে মেট্রো চত্বর থেকে সরিয়ে দিতে পারেন। তাই, সহযাত্রীদের কথা বিবেচনা করে, চেন্নাই মেট্রো রেল কর্পোরেশন মেট্রো ট্রেনের ভেতরে ও এর চত্বরে সকলকে হেডফোন ব্যবহার করতে এবং উচ্চস্বরে কথা বলা ও স্পিকার মোড ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।