অ্যামাজনের ৪৬ লাখের প্যাকেজকে নাকচ করে ভারতীয় সেনায় যোগ শারদেন্দুর

Published:

Shardendu Tiwari Joins Indian Army

অনন্যা সরকার, উত্তর প্রদেশ: দেশসেবার স্বপ্ন পূরণের জন্য অ্যামাজনের (Amazon) ৪৬ লক্ষ টাকার প্যাকেজের চাকরি প্রত্যাখ্যান করলেন উত্তর প্রদেশের শারদেন্দু তিওয়ারি (Shardendu Tiwari)। ২৭ বছর বয়সী এই যুবক কর্পোরেট জগতের চিত্তাকর্ষক চাকরি ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিয়েছেন। গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে (OTA) প্রশিক্ষণ শেষ করে তিনি এখন কর্তব্যপালনে প্রস্তুত। শনিবার তিনি কমিশন লাভ করতে চলেছেন। তবে শুধু অ্যামাজন নয়, এর পাশাপাশি তিনি বিশ্বের অন্যতম প্রধান বিমান নির্মাণকারী ও মহাকাশ গবেষণা সংস্থা এয়ারবাসের প্রস্তাবও গ্রহণ করেননি। বর্তমানে শারদেন্দু তিওয়ারি সশস্ত্র বাহিনীতে একটি প্রযুক্তিগত পদে তাঁর নতুন পথচলা শুরু করতে চলেছেন।

বাবার অনুপ্রেরণায় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত

লখনউয়ের নীলমাথা এলাকার বাসিন্দা শারদেন্দুর বাবা অনারারি ক্যাপ্টেন রাজ কুমার তিওয়ারি, আর্মি সার্ভিস কর্পসে (Army Service Corps/ASC) ৩৬ বছর চাকরি করে অবসর গ্রহণ করেন। বাবার সামরিক জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শারদেন্দুও ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। হরিয়ানার চণ্ডীমন্দিরের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে স্কুলশিক্ষা সম্পন্ন করে চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিই সম্পন্ন করেন। এর পরবর্তীতে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটিতে এমটেক (M.Tech.) ডিগ্রি অর্জন করেন শারদেন্দু।

পড়াশোনায় মেধাবী শারদেন্দুর সেনাবাহিনীতে যোগদানের যাত্রাটা কিন্তু সহজ ছিল না। ইন্ডিয়ান আর্মিতে নির্বাচিত হওয়ার আগে আটবার চেষ্টা করতে হয় তাঁকে। পরপর সাতবার ব্যর্থ হন, তবে মনে ছিল দৃঢ় সংকল্প ও জেদ। অবশেষে, তিনি অষ্টমবারের চেষ্টায় টেকনিক্যাল এন্ট্রির মাধ্যমে নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি তাঁর প্রযুক্তিগত দক্ষতার সাথে যুক্ত থেকেই সামরিক বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। শারদেন্দু জানান, রোমাঞ্চ ও ফিল্ড সার্ভিসের অসংখ্য সুযোগের জন্যেই তিনি সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য উৎসাহী ছিলেন।

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে স্বামী বলে গ্রহণ করছে না স্ত্রী!’ প্রকল্প বন্ধের আর্জি অসহায় ব্যক্তির

গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণকালে তিনি তাঁর নেতৃত্বদানের দক্ষতার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন এবং তাঁকে সিনিয়র আন্ডার অফিসার (SUO) পদে নিযুক্ত করা হয়েছে। একাডেমিতে ক্যাডেটদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদ। সেনাবাহিনীতে কমিশন লাভ করে শারদেন্দু তিওয়ারি তাঁর পরিবারের সামরিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি এখন তাঁর বাবার জুতোয় পা গলিয়ে দেশসেবার কাজে ব্রতী হতে চলেছেন।

আরও Amazon Indian Army