গৃহবধূরা মাসে ৩০ হাজার টাকা পাওয়ার দাবি রাখেন! বড় রায় সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি গৃহবধুর কাজ এবং অবদানকে এবার বিরাট স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গুরুত্বপূর্ণ এক মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, গৃহবধূরা শুধুমাত্র হোমমেকার নন, বরং তারা আসলে নেশন বিল্ডার বা জাতি সংগঠনের অন্যতম ভিত্তি। আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে, সংসার সামলানো, পরিবারের যত্ন নেওয়া এবং বিনা পারিশ্রমিকে প্রতিদিন যে অসংখ্য কাজ গৃহবধূরা করে থাকেন, তার বিশাল অর্থনৈতিক মূল্য রয়েছে। কোনও দিন এগুলিকে অবহেলা করা যাবে না।

মাসে ৩০,০০০ টাকা সমমূল্যের কাজ

এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গৃহবধূদের কাজের আর্থিক মূল্য নির্ধারণের প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালতের মতে, একজন গৃহবধূর মাসিক অবদান আনুমানিক ৩০ হাজার টাকার সমান হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই মন্তব্য মূলত ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় উঠে আসে, যেখানে আদালত স্পষ্ট জানিয়েছে, গৃহবধূদের অবৈতনিক শ্রমকে আইনত গুরুত্ব দেওয়া উচিত।

বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি কোটিস্বর সিংহের বেঞ্চ শুনানিতে বলেছেন যে, গৃহবধূরা শুধুমাত্র ঘর সামলান না, বরং তারা আগামী প্রজন্ম তৈরি করেন। পরিবারের ভিত শক্ত করে গড়ে তোলেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান। তাই তাদের হোমমেকার নয়, বরং নেশন বিল্ডার হিসেবে দেখা উচিত। এমনকি আদালত আরও প্রশ্ন করে, একজন গৃহিনীর সারাদিনের শ্রম, সময়, ত্যাগ আর দায়িত্বের মূল্য কি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে মাপা সম্ভব?

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে ক্ষতিপূরণ নির্ধারণের সময় গৃহবধূদের কাজকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পরিবারের দেখভাল, শিশুদের লালন পালন বা প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়া, দৈনন্দিন গৃহস্থলীর কাজ এই সমস্তকেও অর্থনৈতিক অবদান হিসেবে গণ্য করা প্রয়োজন বলে মত প্রকাশ আদালতের।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়, ভারী বৃষ্টির সম্ভাবনা! আবহাওয়ার খবর

এ বিষয়ে দেশের বিভিন্ন আদালতকে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করছে যে, দেশের সমস্ত হাইকোর্ট ভবিষ্যতে গৃহবধূদের অবদানকে আইনের মর্যাদা দেবে। এমনকি বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই মন্তব্য শুধুমাত্র একটি মামলার পর্যবেক্ষণ নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতাও বটে।