ধেয়ে আসছে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়, ভারী বৃষ্টির সম্ভাবনা! আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করছেন? তাহলে সাবধান হয়ে যান। ঘন্টায় ৮০ কিমি বেগে তুমুল ঝড় এবং বৃষ্টি ধেয়ে আসছে। এমনই সতর্কতা জারি করল আবহাওয়া অফিস (Weather Update)। ইতিমধ্যেই দেশের বহু অংশে বর্ষা প্রবেশ করেছে, তো আবার কিছু কিছু জায়গা বর্ষার প্রবেশ করার শুধুই সময়ের অপেক্ষা। যদিও সারা দেশে এখন প্রাক বর্ষার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে হাওয়া অফিসের তরফে আজ বৃহস্পতিবার উত্তর প্রদেশ, বিহার এবং দিল্লি সহ ১৭টি রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে সাথে প্রবল বাতাস এবং ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বেগের ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, বৃষ্টি

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১১ জুন, ২০২৬ তারিখে উত্তর ভারতের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০-৮০ কিমি বেগে প্রবল ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। এদিকে, আগামী ৫-৭ দিন উত্তর-পূর্ব ভারত, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে আবহাওয়া খারাপ থাকতে পারে। অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনগণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একটানা দুর্যোগের কারণে পারদ পতনের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।

আরও পড়ুনঃ শহরে শীঘ্র WBTC-র ১০০টি ইলেকট্রিক বাস নামাচ্ছে রাজ্য, কোন কোন রুটে?

আইএমডি-র তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তর প্রদেশে আজ থেকে আগামী ১৬ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, ১১ ও ১২ জুন সমগ্র উত্তর-পশ্চিম ভারতে ঘণ্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগের ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, অনেক এলাকায় শিলাবৃষ্টি ও ধুলো ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। ১১ ও ১২ জুন উত্তর প্রদেশে আবহাওয়া ভয়ংকর থাকবে। এই সময়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগের ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু

এদিকে, উত্তর-পূর্ব ভারতে বর্ষা পুরোদমে সক্রিয়। অরুণাচল প্রদেশের জন্য ১১ থেকে ১৩ জুন এবং আসাম ও মেঘালয়ের জন্য ১১ থেকে ১৪ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, দক্ষিণেও মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকবে। ১১ ও ১২ জুন কেরালা এবং কর্ণাটকের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশেও ১১ ও ১২ জুন ভারী বৃষ্টিপাত হবে।