অনন্যা সরকার, ঝাড়খণ্ড: ভারতের সিভিল সার্ভিস বা ইউপিএসসি (UPSC) পরীক্ষাকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা বলা হয়। দেশের বহু তরুণ-তরুণী বছরের পর বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও কিয়দংশ পরীক্ষার্থীই এই কঠিন পরীক্ষা সফলতার সাথে উৎরাতে পারেন। তবে এমন কয়েকজনও আছেন যারা একবার নয় ইউপিএসসি পরীক্ষা একাধিকবার পাশ করেছেন। ঝাড়খণ্ডের রোমা শ্রীবাস্তব হলেন তাদের মধ্যে অন্যতম। তিনি এক বা দুবার নয়, তিন-তিনবার ইউপিএসসি পরীক্ষা পাশ করে একজন আইএএস (IAS) অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, রোমা এই পরীক্ষার প্রস্তুতির জন্য কোনও কোচিংয়ের সাহায্য নেননি। নিজে নিজেই প্রস্তুতি নিয়ে এই অসাধারণ সাফল্য (UPSC Success Story) অর্জন করেছেন, যা ইউপএসসি অ্যাসপিরেন্টদের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আইএএস রোমা শ্রীবাস্তবের সাফল্যের কাহিনী (IAS Roma Srivastava Success Story)।
মেধাবী রোমা ইঞ্জিনিয়ারিং ও এমবিএ-এর পর শুরু করেন সিভিল সার্ভিসের প্রস্তুতি
ঝাড়খণ্ডের বাসিন্দা রোমা শ্রীবাস্তব এনআইটি রায়পুর (NIT Raipur) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাশ করেন। এরপর তিনি ক্যাট (CAT) পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন এবং ক্যাট পাশ করার পর আইআইএম ইন্দোরে (IIM Indore) থেকে মার্কেটিংয়ে এমবিএ (MBA) করেন। এমবিএ শেষ করে তিনি কোল ইন্ডিয়াতে অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে চাকরি পান, কিন্তু এই চাকরিতে সন্তুষ্ট ছিলেন না রোমা। তখন থেকেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু।
Youtube দেখে নিতেন প্রস্তুতি
বেশিরভাগ ছাত্রছাত্রীই সাধারণত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে করার জন্য কোনো না কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়, কিন্তু রোমা ছিলেন ব্যতিক্রমী। তিনি বাড়িতেই প্রস্তুতি শুরু করেন। যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হত সেগুলি আয়ত্ত করার জন্য ইউটিউবে ভিডিও লেকচার দেখতেন। ২০১৬ সালে তিনি প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন, কিন্তু সেবছর তিনি পাশ করতে পারেননি। তারপর ২০১৭ তে আবার তিনি পরীক্ষা দেন এবং এবার সফল হন। বর্তমানে তিনি ইন্ডিয়ান পোস্টাল অ্যান্ড টেলিকম সার্ভিসে কাজ করার সুযোগ পান।
আরও পড়ুনঃ ‘ডিম বর্ষণ’-র আবহেই হু হু করে বাড়ছে ডিমের দাম, কত টাকা বৃদ্ধি পেল?
তবে রোমার স্বপ্ন ছিল একজন আইএএস অফিসার হওয়ার, তাই ২০১৮ সালে তৃতীয়বারের মতো ইউপিএসসি পরীক্ষাতে বসেন এবং উচ্চ র্যাঙ্ক পেয়ে এবার আইপিএস (IPS) অফিসারের পদ পান। কিন্তু তাঁর স্বপ্ন তখনও অধরাই ছিল। তাই ২০১৯ সালে তিনি চতুর্থবারের চেষ্টায় ৭০তম র্যাঙ্ক পেয়ে ইউপিএসসি পাশ করেন এবং অবশেষে আইএএস অফিসার হয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। রোমা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি টেস্ট পেপারগুলি মন দিয়ে অনুশীলন করেছেন এবং বহুবার মক টেস্ট দিয়েছেন। তার ফলস্বরূপ চার বছরে তিনবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন রোমা শ্রীবাস্তব।










