অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে ভারতের সেরা ও প্রিমিয়াম ট্রেনগুলি মধ্যে অন্যতম হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেন তার হাই স্পিড, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং আরামদায়ক ভ্রমণের যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়। কিন্তু জানেন কি এই আধুনিক প্রযুক্তিতে চালিত ট্রেনটির পরিচালনাকারী, অর্থাৎ লোকো পাইলটদের (Loco Pilot) কীভাবে নির্বাচন করা হয়? তাঁদের মাসিক বেতনই বা কত এবং কী কী যোগ্যতার প্রয়োজন হয় লোক পাইলট হওয়ার জন্য? আপনারও যদি বন্দে ভারত এক্সপ্রেসে লোকো পাইলট (Bande Bharat Loco Pilot) হিসেবে ক্যারিয়ার গড়ার বাসনা থাকে, তাহলে আগেই এর নির্বাচন প্রক্রিয়া, বেতন এবং প্রশিক্ষণ সর্ম্পকে বিশদে জেনে নিন।
বন্দে ভারতের লোকো পাইলটের নির্বাচনের প্রক্রিয়া
বন্দে ভারত ট্রেন চালানো কেবল ট্রেনকে ট্র্যাকের ওপর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই নয়, তার থেকেও অনেক বেশি দক্ষতা ও দায়িত্বের কাজ এটি। এই কাজ করার জন্য চাই চরম সতর্কতা, অত্যাধুনিক প্যানেল নিয়ন্ত্রণের ক্ষমতা এবং নিখুঁত সময়জ্ঞান। এই কারণেই ভারতীয় রেল (Indian Railways) এই ট্রেন চালানোর জন্য কঠিন পরীক্ষার মাধ্যমে সবচেয়ে যোগ্য চালকদের বেছে নেয়। এই লোকো পাইলটদের শুধু ভালো বেতনই দেওয়া হয় না, তার পাশাপাশি রেলের তরফে তাঁরা আরও অনেক সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন।
আরও পড়ুন: বাসন বিক্রেতার ছেলে খড়গপুর IIT-র গবেষক, দারিদ্রতাকে জয় করে সাফল্য লাভ দেবকুমারের
তবে জানিয়ে রাখি, ইন্ডিয়ান রেলওয়েতে নির্দিষ্টভাবে বন্দে ভারত এক্সপ্রেসের লোকো পাইলট হওয়ার জন্য কোনো সরাসরি সুযোগ নেই। আগ্রহী ব্যক্তিকে প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার জন্য আরআরবি এএলপি (RRB ALP) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ফ্রেট ট্রেন অ্যাসিস্ট্যান্ট এবং তারপর লোকো সিনিয়র পাইলট পদে উন্নীত হতে হবে। এর পরে, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চালানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জনের পর, সেরা ট্র্যাক রেকর্ডের অধিকারী চালকদের বন্দে ভারত এক্সপ্রেসে নিয়োগ করা হয়।
রেলে লোকো পাইলট হিসাবে ক্যারিয়ার গড়তে, নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা দরকার। যেমন – প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাশ করতে হবে, আইটিআই সার্টিফিকেট, ডিপ্লোমা বা বি.টেক (B.Tech) ডিগ্রি থাকতে হবে। তবে লোকো পাইলটদের জন্য মেডিকেল টেস্ট শিক্ষাগত যোগ্যতার চেয়েও বেশি কঠোর। সমস্ত লোকো পাইলটের চশমা ছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে। যাদের বর্ণান্ধতা (Colour Blindness) আছে, তাঁরা এই কাজের জন্য অযোগ্য বলে বিবেচিত।
বন্দে ভারতের লোকো পাইলটের বেতন কত?
সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী বন্দে ভারত লোকো পাইলটের বেতন সাধারণত লেভেল ৬ বা লেভেল ৭-এর হয়ে থাকে, তবে অন্যান্য ভাতা তাদের ইন-হ্যান্ড স্যালারি আরও কিছুটা বাড়িয়ে দেয়। একজন বন্দে ভারত লোকো পাইলট প্রতি মাসে ৯০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন হাতে পান। মূল বেতনের সাথে এর মধ্যে রয়েছে কিলোমিটার রানিং অ্যালাউন্স (KMA),ওভারটাইম, মহার্ঘ ভাতা (Overtime DA), নাইট ডিউটি অ্যালাউন্স (NDA) এবং বাড়ি ভাড়া ভাতা (HRA)।
আরও পড়ুন: ২ লক্ষ টাকা দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলে শুরু করুন ব্যবসা
প্রশিক্ষণ কীভাবে হয়?
অত্যাধুনিক বন্দে ভারতের ইঞ্জিন সাধারণ ট্রেনের থেকে আলাদা। এটি এমন একটি ট্রেন সেট, যার কোনো আলাদা ইঞ্জিন নেই। এই চালানোর জন্য স্বাভাবিকভাবেই চালকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে সিমুলেটর ট্রেনিং, ডিজিটাল ড্যাশবোর্ডের তথ্যগুলি বোঝা এবং দ্রুত প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।










