বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফ্লাইদুবাই (flydubai) কাণ্ড থেকে শিক্ষা নিয়েছে গোটা বিশ্ব। বিশেষ করে ইজরায়েল ওই ঘটনার পর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছিল, তাদের সাথে বন্ধুত্ব নেই এমন কোনও দেশের পাইলটকে সে দেশে পাঠানো যাবে না। ইজরায়েলের এমন বিধি নিষেধ মেনে চলছে বিদেশি একাধিক বিমান সংস্থা। সেই তালিকায় নাম রয়েছে ফ্রান্সের এয়ার ফ্রান্সেরও (Air France)। এই বিমান সংস্থাটি পাকিস্তান, বাংলাদেশ সহ 31টি দেশের পাইলটদের ইজরায়েলগামী বিমানে নিষিদ্ধ করেছে।
ইজরায়েলের নির্দেশিকা মেনেই পদক্ষেপ নিচ্ছে বেশ কিছু সংস্থা
সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে গত 30 সেপ্টেম্বর সন্ত্রাসবাদি হামলার চেষ্টা হয়েছে বলেই অভিযোগ ওঠে। ওই বিমানের চালক ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ছুরি নিয়ে চড়াও হয়েছিলেন বিমানটির সহকারি চালক তথা ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি। অভিযোগ ছিল, ওই ভারতীয় ক্যাপ্টেনকে হত্যা করে বিমানটিকে তেল আবিবের কোনও বিমানবন্দরে নিয়ে গিয়ে সেটিকে অন্য কোনও বিমান বা ইমারতের সাথে সংঘর্ষের পরিকল্পনা করছিলেন ওমানের বাসিন্দা ওই সহকারী চালক। যদিও শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়নি অভিযুক্তের।
এদিকে, এমন ঘটনার পরই বন্ধুত্ব নেই বা কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলির পাইলটদের ইজরায়েলগামী বিমানে না রাখার কথা জানিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। আর সেই নির্দেশিকার পরই নড়েচড়ে বসেছে একাধিক বিমান সংস্থা। ইতিমধ্যেই ভারতের বন্ধু দেশ ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্স ইজরায়েলগামী বিমানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সৌদি আরব, আলজেরিয়া, উত্তর কোরিয়া, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, নাইজেরিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সুদান, লেবানন, মালি, ভেনেজুয়েলা, সিরিয়া, ইয়েমেন সহ মোট 31টি দেশের পাইলটদের ইজরায়েলগামী বিমানে নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন: সপ্তমী থেকে শিয়ালদায় ১৬টি নতুন রাতের ট্রেন, রুট ও সময়সূচি ঘোষণা পূর্ব রেলের
অন্যদিকে আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স বেশ কিছু পরিচিত দেশ সহ মোট 32 দেশের নাগরিক বা পাইলটদের ইজরায়েলের বিমানে নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি চেকোস্লোভাকিয়ার বৃহত্তম বিমান সংস্থা স্মার্টউইংসও তাদের ইজরায়েলগামী বিমানে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। সব মিলিয়ে বলাই যায়, ইজরায়েলের নির্দেশিকা মেনে চলছে একের পর এক বিমান সংস্থা। বলাই বাহুল্য, এর আগে নির্দেশিকা জারি হলেও তা সেভাবে কার্যকর হচ্ছিল না। তবে গোটা পরিস্থিতির দিকে ইজরায়েল সরকার কড়া নজর দিতেই নিয়মের পালন হচ্ছে।










