সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মাসে কেটে গেল ১৫ তারিখ। অথচ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা ঢোকার কোনও নামগন্ধ নেই। রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, আদৌ পুজোর আগে মিলবে তো টাকা? যেহেতু ১৭ অক্টোবর থেকে সপ্তমীর ছুটি শুরু হচ্ছে, তাই মহিলাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এরই মধ্যে সামনে এলো বড় আপডেট। এ মাসে বাদ যাবে লক্ষ লক্ষ মহিলার নাম। কারা পড়ছেন সেই তালিকায়?
অন্নপূর্ণা যোজনায় ফের বাদ লক্ষ লক্ষ মহিলার নাম
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সবচেয়ে জনদরদী প্রকল্প এই অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই চার মাসের কিস্তি মহিলাদের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। আগস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে ৩০০০ টাকা করে দেওয়া হলেও সেপ্টেম্বরে তা আরও ১০ লক্ষ বাড়িয়ে করা হয় ১ কোটি ৫৮ লক্ষ। গত মাসের ১৭ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল টাকা। মুখ্যমন্ত্রী প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে বলে জানালেও এ মাসে এখনও নেই কোনও আপডেট। তারই মধ্যে বাদ যাচ্ছে বহু মহিলার নাম।
আসলে অন্নপূর্ণা যোজনায় অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে ভুয়ো তথ্য দিয়ে আবেদন করার অভিযোগ সামনে আসতেই আগস্ট মাসে পুনরায় প্রত্যেকের তথ্য যাচাই করা হয়। সেই ধাপে বাদ পড়েছিল প্রায় ১৭ লক্ষ মহিলার নাম। এদিকে যাঁরা বিধবা ভাতার সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনায় করেছিলেন আবেদন। প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দুই প্রকল্পের সুবিধাই মিলবে একসাথে। তবে পরে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পোষায় না ৩০০০ টাকাতেও ! অন্নপূর্ণা যোজনায় আরও বেশি অনুদানের দাবি মহিলাদের
এক জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা বিধবা ভাতা পাচ্ছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনায় চলে আসুন। ৩০০০ টাকা করে পাবেন।” আসলে বিধবা ভাতায় যেখানে মাত্র ১৫০০ করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, সেখানে অন্নপূর্ণায় মিলবে ডবল। তাই যেহেতু একজন মহিলা শুধুমাত্র একটি প্রকল্পেরই সুবিধা পাবেন, তাই বিধবা ভাতা থেকে নিজের নাম তুলে না নিলে অটোমেটিক অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়বেন তাঁরা। সেই সূত্রে অক্টোবর মাসে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।










