এ যেন রাঘববোয়াল! মৎস্যজীবীর জালে ধরা পড়ল পেল্লাই সাইজের ইলিশ, দাম কত জানেন?

Published:

Ilish

সহেলি মিত্র, কলকাতাঃ ভরা বর্ষায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এদিকে প্রাণের ঝুঁকি নিয়ে হলেও সমুদ্রে ভালো মাছের আশায় নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমাচ্ছেন মৎস্যজীবীরা। কেউ পাচ্ছেন সাফল্য তো কেউ পাচ্ছেন শুধুই হতাশা। যদিও এখন যেহেতু বর্ষাকাল, তাই ভালো ইলিশের (Ilish) লোভে জাল ফেলছেন মৎস্যজীবীরা। যেমন ভাবা তেমন কাজ। যাইহোক, এবার এক মৎস্যজীবীর জালে পেল্লাই সাইজ ও ওজনের ইলিশ ধরা পড়ল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর সেই মাছটি বিক্রি হল হাজার হাজার টাকায়। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

মৎস্যজীবীর জালে উঠল পেল্লাই সাইজের মাছ

জানা গিয়েছে, বাংলাদেশের মেঘনা নদী থেকে ধরা পড়ল বিরাটাকায় ইলিশ মাছ। বিক্রি হল কয়েক হাজার টাকায়। বলা হচ্ছে, এটি এই মরসুমের সবচেয়ে বড় ইলিশ। বুধবার রাতে, ভোলার মনপুরার মেঘনা নদী থেকে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আক্তার সাবু মাঝি নামের এক জেলে ওই মাছটি নিয়ে আসেন ঢালচর মাছ ঘাটে। নদী থেকে বড় আকৃতির ইলিশ জালে পড়া নতুন নয়। তবে এবার এই প্রথম। জেলে মাছ নিয়ে ঘাটে আসার পর মাছ দেখতে উপচে পড়ে ভিড়। নিলামেও দাম ওঠে হুহু করে।

অবশেষে বাংলাদেশী মুদ্রায় ৮ হাজার ৬০০ টাকার বিনিময়ে মাছটি কিনে নেন স্থানীয় শরিফ বেপারী। আরো লাভের আশায় মাছটি এরপর পাঠানো হবে ঢাকায়। ঢাকার বাজারে এই বড় মাপের ইলিশ মাছের জন্য দর আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

আড়তদার মোমেন তালুকদারের কথা অনুযায়ী এই ঘাট থেকে অতীতে বড় মাপের বহু ইলিশ মাছ বিক্রি হয়েছে। তবে এবার এই প্রথম এতো প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ জালে উঠল এবং সেটা বিক্রি হল। বড় মাপের ইলিশ জালে ওঠা ভাল ইঙ্গিত বলেই মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন। তাঁর মতে, এই ইলিশ মাছের বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর। এখন মাছের ডিম দেওয়া সময়। ডিম দেওয়ার মরসুমের নদী পথে ইলিশের আগমন ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে কবে আসছে পদ্মার ইলিশ?

অন্য দিকে পশ্চিমবঙ্গের বাজারে ভালো মানের ইলিশের সংখ্যা এবার কম বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। অন্যান্য বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যায় ইলিশ মাছ আসার খবর পাওয়া যেত, এবার এখনও তেমন খবর সংবাদ মাধ্যমে উঠে আসেনি। তবে বাংলাদেশের নদী পথে ভালো মানের ইলিশ মাছের আগমন আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্যও বয়ে আনতে পারে বহু প্রতীক্ষিত সংবাদ।

আরও পড়ুনঃ ইতিহাস সৃষ্টি করল ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার, বেড়ে দাঁড়াল ৭৪০.৮০ বিলিয়ন ডলার

প্রশ্ন জাগতে পারে, এখানকার বাজারে এখন যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, সেগুলো কোথাকার? দোকানদার বলছেন বটে বাংলাদেশের ইলিশ, কিন্তু সত্যি কি তাই? অনেকের ধারণা এখন বাজারে বিক্রি হচ্ছে হিম ঘর থেকে বের করে আনা মাছ, কিংবা এদেশীয় নদীর মাছ। তবে আশা করাই যায়, আগামী দিনে এখানকার বাজারেও চলে আসতে পারে পদ্মার টাটকা ইলিশ।