আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়! গ্রেফতার মল্লারপুরের সিপিএমের পঞ্চায়েত সদস্য

Published:

PM Awas Yojana

অনন্যা সরকার, বীরভূম: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র (PM AWAS Yojana) আওতায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ‘কাট-মানি’ নেওয়ার অভিযোগে বীরভূমের মল্লারপুরে গ্রেপ্তার এক পঞ্চায়েত সদস্য। ধৃত ওই ব্যক্তির নাম এনায়েত শেখ। তিনি কাগজে-কলমে সিপিআই(এম) দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ১৫০০ টাকা আদায় করেছেন বলে লিখিত অভিযোগ জমা পড়ে মল্লারপুর থানায়। সেই পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে।

কী অভিযোগ উঠেছে?

মল্লারপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রচন্দপুর গ্রামের বাসিন্দা ও ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য এনায়েত শেখের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাট-মানি নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মল্লারপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে রামপুরহাট আদালতে তোলে। এনায়েত শেখ সিপিএমের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করলেও পরবর্তীকালে তৃণমূলে নাম লেখান বলে জানা গেছে। এরপরই এনায়েত বহু মানুষের থেকে কাট-মানি আদায় করতে শুরু করেন। এর মধ্যেই একজন হলেন মনিরুল শেখ। তিনি অভিযোগ করেছেন, এনায়েত ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১,৫০০ টাকা আদায় করেছেন। 

মল্লারপুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্ত এনায়েতকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তের দাবি, তিনি মিষ্টি খাওয়ার জন্য বন্ধুর থেকে এই টাকা চেয়েছিলেন। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি। 

আরও পড়ুন: রেশন কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসা? মিলবে ৫ লক্ষ টাকার সুবিধা, বিরাট ঘোষণা সরকারের

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য অরূপ বাগ দাবি করেছেন যে, এনায়েত শেখ পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রতীকে জয়লাভ করলেও দলের কোনো নীতি আদর্শ তিনি মানতেন না। তিনি তৃণমূলের সাথে হাত মিলিয়ে কাট-মানি নেওয়া ও তোলাবাজির মতো অপরাধমূলক কাজ করেছেন। তাই সিপিএমের সদস্য হিসেবে তাকে দল গ্রহণ করে না। 

google button