সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নৈশভোজের অনুষ্ঠানে গুলি চালাল বন্দুকবাজ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। দ্রুত প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পের সামনেই চলে একের পর এক গুলি, যা নিয়ে হইহুল্লোড় পড়ে যায় ওই নৈশভোজের অনুষ্ঠানে। কী উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীর?
প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হানা
উল্লেখ্য, হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল শনিবার। আনুমানিক ২৬০০ জন নৈশভোজে উপস্থিত ছিলেন। শুধু ট্রাম্প নন, বরং সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ সাংবাদিক, অভিনেতা, তারকারা আমন্ত্রিত ছিলেন। তবে হঠাৎ করে সেখানে ৭-৮টি গুলির শব্দ শোনা যায়। দ্রুত তাঁদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কারোর হতাহতের খবর নেই। রিপোর্ট অনুযায়ী, দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গুলির শব্দ শুনে রীতিমতো আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। কেউ কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন এবং কেউ কেউ পালিয়ে যান। বিশেষ করে অনুষ্ঠানের পর ট্রাম্পের কিছু বলার ছিল। তবে তার মধ্যেই গুলি চলে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউসের ভেতরে এত নিরাপত্তার ফাঁকফোকরেও কীভাবে গুলি চলল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত কারও কাছে কিছু স্পষ্ট নয়।
আরও পড়ুন: লাগবে না ফ্রিজ, লু বইলেও জল থাকবে ১০-১৪ ডিগ্রি ঠান্ডা! জানুন উপায়
এদিকে এই ঘটনার পর ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিখেছেন, “কী একটা সন্ধ্যা কাটল! সিক্রেট সার্ভিস আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্যিই প্রশংসার দাবি রাখে। ওঁরা সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্দুকবাজকে ধরা হয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বলেছি। তবে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, এই সন্ধ্যার পরিকল্পনা ঠিক যেভাবে করা হয়েছিল অনেকটাই বদলে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী ওই জায়গা খালি করার কথা বলেছেন। আমরা দ্রুত সেটাই করব। তবে সকালে সুস্থ আছেন। এই অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন, তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আমার কথা হয়েছে।”










