গ্রেফতার নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, কারণ দেখাতে পারল না ক্রাইম ব্রাঞ্চ

Published:

Nepal Ex CJ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে নেপাল (Nepal)। এবার গ্রেফতার করা হল নেপালের সুপ্রিম কোর্টের (Supreme Court Of Nepal) প্রাক্তন প্রধান বিচারপতিকে। জানা যাচ্ছে, দেশটির প্রাক্তন প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের জং বাহাদুর রানাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে কাঠমান্ডু ক্রাইম ব্রাঞ্চ। রবিবার, তাঁর বাড়ি ঘিরে ফেলেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তারপরেই ঘর থেকে তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা। কিন্তু ঠিক কোন কারণে গ্রেফতার করা হল প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে?

কেন গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধান বিচারপতিকে?

কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রানার বিরুদ্ধে কাঠমান্ডু ক্রাইম ব্রাঞ্চে একটি গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ দায়ের হতেই তড়িঘড়ি সমস্ত দিক খতিয়ে দেখে দেশটির প্রাক্তন প্রধান বিচারপতির বাসভবনে হানা দেন ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। তারপরেই সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তবে ঠিক কোন কারণে প্রাক্তন প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হল সেই তথ্য জানানো হয়নি তদন্তকারীদের তরফে।

নেপাল পুলিশের তরফে বলা হয়েছে, তাঁরা খুব শীঘ্রই এই সংক্রান্ত তথ্য সামনে আনবে। তবে এখনই চোলেন্দ্রর গ্রেফতারি নিয়ে প্রকাশ্যে কিছুই বলা যাচ্ছে না। দেশটির প্রাক্তন প্রধান বিচারপতিকে কোনও কারণ না দেখিয়েই আচমকা গ্রেফতার করে নেওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে শুরু হয়েছে শোরগোল। যদিও এ প্রসঙ্গে বালেন শাহের সরকার এখনও পর্যন্ত মুখ খোলেনি।

আরও পড়ুন: “আমি বৈভবকে হিংসা করি না, ওর সাথে নিজের তুলনাও করতে চাই না” ধ্রুব জুরেলের বড় মন্তব্য

উল্লেখ্য, 2019 সালের সেপ্টেম্বর মাসে নেপালের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে যোগ দিয়েছিলেন রানা। সে বছরের জানুয়ারিতে দেশটির প্রধান বিচারপতি হলেও 2022 সালে প্রথম ধাক্কাটা খেয়েছিলেন তিনি। ওই বছরের ফেব্রুয়ারি মাসে নেপালের সংসদে তৎকালীন প্রধান বিচারপতির বিরুদ্ধে মহাভিযোগ প্রক্রিয়া শুরু হলে নিয়ম মেনে একেবারে স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড হয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে দেশটির প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল।

google button