বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে মাত্র 14 বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এখন অবশ্য তাঁর বয়স 15। আর এই এক বছরের মধ্যেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ফেলেছেন তিনি। যদিও আপাতত টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না এই খেলোয়াড়ের। তবে সময়ের সাথে সাথে ঠিক নিজেকে জাতীয় দলে মানিয়ে নেবেন বৈভব, এমনটাই আশা ভক্তদের। এমতাবস্থায়, বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)।
বৈভবকে নিয়ে মুখ খুললেন জুরেল
খুব অল্প বয়সেই ক্রিকেট মহলে নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। অবাক করে দিয়েছেন তাবড় তাবড় ক্রিকেটারদের। গত আফগানিস্তান সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা না হলেও নিজেকে সবসময় প্রস্তুত রাখছেন এই খেলোয়াড়। এবার সেই বৈভবকে নিয়েই মুখ খুললেন ভারতীয় তারকা ধ্রুব জুরেল। সম্প্রতি জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার পডকাস্টে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটার বৈভবের প্রশংসা করেন।
জুরেল বলেন, “বৈভব সূর্যবংশী আদতেই প্রশংসার যোগ্য। সে এই বয়সে যা করে দেখিয়েছে অনেকে সেটা ভাবতেই পারে না। মাত্র 15 বছর বয়সে সে সবাইকে অবাক করে দিচ্ছে। এটা সত্যি আশ্চর্যজনক। সত্যি বলতে গেলে তাঁর উপর আমার কোনও হিংসা নেই। আমার সাথে ওর তুলনাই চলে না।” এদিন পডকাস্ট চলাকালীন জুরেল জোর দিয়ে বলেন, “আমি বৈভবের সাথে নিজের তুলনা করতে চাই না। ওর আর আমার মধ্যে তুলনা করে কী লাভ? আমি তো এটাই বুঝে উঠতে পারি না।”
আরও পড়ুন: রুটের পর এবার সচিনের রেকর্ড ছারখার করার পথে বিরাট কোহলি
ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের কথায়, “একজন ব্যক্তির সাথে তুলনা তখনই সম্ভব যখন আপনি ভাববেন যে আপনিও একই রকম কিছু করবেন। বৈভব অসাধারণ। ও এক অবিশ্বাস্য ছেলে। ওকে দেখে আমরা বিস্মিত হই। একজন ব্যাটসম্যান হিসেবে ও আমাদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে।” বৈভব প্রসঙ্গে ধ্রুবের সংযোজন, “বৈভব পাওয়ার প্লেতে নামলে আগ্রাসী ব্যাটিং করে, ওকে দেখে মাঝে মাঝে মনে হয় আমাদেরও আগ্রাসী ব্যাটিং করা উচিত।”










