মাত্র ৭০ লক্ষ! জইশ প্রধান মাসুদ আজহারকে পলাতক ঘোষণা করে মাথার দাম বাড়াল পাকিস্তান

Published:

Masood Azhar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন নাটক পাকিস্তানের (Pakistan)? এবার পশ্চিমের দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের (Masood Azhar)  মাথার দাম বাড়িয়ে দিল পাকিস্তান। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গিকে পলাতক ঘোষণা করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে পাক সরকারের তরফে। পাক ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, মাসুদ আজহারের মাথার দাম বর্তমানে 70 লক্ষ পাকিস্তানি রুপি। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের রেড বুকে এই পুরস্কারের কথা উল্লেখ করেছে ইসলামাবাদ।

মাথার দাম বাড়িয়ে নতুন নাটক পাকিস্তানের?

ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর আসন্ন বৈঠকের ঠিক আগে মাসুদ আজহারের মাথার দাম এক ধাক্কায় 20 লাখ টাকা বাড়িয়ে দেওয়ায় পাকিস্থানের এই পদক্ষেপকে যথেষ্ট নাটকীয় বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। তাঁদের একটা বড় অংশের দাবি, আসন্ন অক্টোবর মাসে FATF এর গুরুত্বপূর্ণ বৈঠকের আগে গোটা বিশ্বমঞ্চে কড়া নজরদারি এবং শাস্তির হাত থেকে রেহাই পেতেই এই পদক্ষেপ নিল পাকিস্তান।

কূটনৈতিক মহলের কেউ কেউ বলছেন, নিজেদের কুখ্যাত জঙ্গিকে হঠাৎ করেই পলাতক ঘোষণা করে তাঁর মাথার দাম বাড়ানোর মধ্য দিয়ে নতুন চাল চালল ইসলামাবাদ! এর মধ্যে দিয়ে আসলে বিশ্ববাসীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে পশ্চিমের দেশ। ভারতীয় গোয়েন্দা দলের আধিকারিকরা মনে করছেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে পাকিস্তান!  আগেই বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গিয়েছিল, পাকিস্তানের সিন্ধু প্রদেশে বর্তমানে আরামে জীবন যাপন করছে মাসুদ আজহার।

কয়েকজন প্রযুক্তিগত বিশ্লেষক থেকে শুরু করে গোয়েন্দা দপ্তরের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাসুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পাকিস্তান সরকারের আমলারা! এমনকি এও শোনা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই পাকিস্তান সরকার নিজে থেকে ওই জঙ্গি সংগঠনটির একাধিক খরচ বহন করে! আর এসব সত্ত্বেও কুখ্যাত জঙ্গিদের রেড বুকে আজহারের নাম রেখে তাঁর মাথার দাম বৃদ্ধি করার মধ্যে দিয়ে আসলে নিজেরা যে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা সেই ধারণা ভোলাতে চেয়েছে পাকিস্তান!

 

আরও পড়ুন: এবার ACC-র কাছ থেকে এশিয়া কাপের দুই ট্রফি আদায় করবে ভারত, কবে? জানুন দিনক্ষণ

উল্লেখ্য, এর আগে 2021 সালে জইশ প্রধান মাসুদ আজহারকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। ইসলামাবাদ বলেছিল, মাসুদকে গ্রেফতার করতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ কুখ্যাত জঙ্গির মাথার দাম ছিল এতদিন 50 লাখ। শুধু তাই নয়, পাকিস্তানের তরফে বারবার করে দাবি জানানো হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান নাকি পাকিস্তানে নয় বরং আফগানিস্তানে লুকিয়ে রয়েছে।