বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ জিতেও ট্রফি (Asia Cup Trophy) নেয়নি ভারতীয় মহিলা দল (Team India)। গতকাল, শ্রীলঙ্কাকে ফাইনালে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া সত্বেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেননি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। একইভাবে গত বছর এশিয়া কাপ জেতার পরেও এশিয়া কাপের ট্রফি পায়নি ভারতীয় পুরুষ দলও। কাজেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলর কাছে এই মুহূর্তে দুটি ট্রফি পাওনা রয়েছে ভারতের। এখন প্রশ্ন, ঠিক কবে এই ট্রফি পাবে টিম ইন্ডিয়া?
দুটি ট্রফিই আদায় করবে ভারত
গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই গত বছর এশিয়া কাপ জিতেও ভারতীয় পুরুষ দল তাঁর হাত থেকে ট্রফি নেয়নি। একই কাজ করেছে দেশের মেয়েরাও। ফলে, এই মুহূর্তে এশিয়া কাপে ভারতের দুই দলের ট্রফি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সদর দপ্তরে।
জানা যাচ্ছে, যতদিন পর্যন্ত নকভি ACC-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন এশিয়া কাপের ট্রফি নেবে না ভারতীয় দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে মেয়াদ শেষ হয়ে গেলেই নতুন প্রধানের হাত থেকে ট্রফি নেবে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, একজন চেয়ারম্যানের পদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। কাজেই 2025 সালের 3 এপ্রিল দায়িত্ব গ্রহণকারী নকভির মেয়াদ শেষ হচ্ছে আগামী 2027 সালের 3 এপ্রিল।
আরও পড়ুন: ভারত থেকে ৫৭ টাকা কেজিতে ইলিশ কিনছে বাংলাদেশ, কেন উল্টে নির্ভরশীল হয়ে পড়ল ঢাকা?
সহজ কথায় বলতে গেলে, আজ থেকে 230 দিন পর নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে পদত্যাগ করার পরই ভারতীয় দলের এশিয়া কাপের ট্রফি পাওয়ার পথ পরিষ্কার হবে। তারপরেই ওই দুই ট্রফির জন্য নতুন করে দাবি জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ করার পরই তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মহিলা এবং পুরুষ উভয় দলের দুটি এশিয়া কাপের ট্রফি ফিরিয়ে দেওয়া হবে ACC-র তরফে।










