সন্ধে হলেই ঘরে ঢুকছে শ্যামাপোকা, চিন্তা নেই, ঘরোয়া এই উপকরণেই মিলবে মুক্তি

Published:

Shyamapoka Removal Hacks

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজো আসতে না আসতেই জ্বালাতন জুড়ে দিয়েছে শ্যামাপোকা (Shyamapoka Insects)। সন্ধেবেলা ঘরের আলো জ্বালাতেই হাজির হবে সবুজ পোকার দল। যতক্ষণ অন্ধকার ঘরে থাকা যায় ততই স্বস্তি। তাদের উৎপাতে বোঝা যায় না কালীপুজো এসে গিয়েছে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না এই পোকার থেকে রেহাই কী করে পাওয়া যায়। তবে চিন্তার কিছু নেই, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে শ্যামা পোকা তাড়ানোর বেশ কিছু ঘরোয়া টিপস (Shyamapoka Removal Hacks)।

আলো জ্বালালেই জ্বালাতন শুরু পোকার

বিগত কয়েক বছর ধরে শ্যমাপোকার উপদ্রব অনেকটাই কমেছে। যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের। কারণ শ্যামাপোকার অবলুপ্তি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। যদিও বিজ্ঞানীদের মতে সময়ে সময়ে আবহাওয়া এবং পরিবেশের পরিবর্তনের কারণে পোকাদের উপদ্রব কমছে। তবে এখনও পুরোপুরি নিঃশেষ হয়নি এরা। এখনও এই পোকাগুলি অস্বস্তির কারণ। তাই এদের হাত থেকে রেহাই পেতে করে ফেলুন এই কাজগুলি।

শ্যামাপোকা তাড়ানোর উপায়

  • এইসময় ঘরের যেখানে যেখানে আলো আছে, সেখানে শ্যামাপোকা বা সবুজ পোকারা গিয়ে ভিড় জমায়। তাই সেই জায়গায় স্প্রে করে দিতে হবে ইউক্যালপিটাস অয়েল ও লেমন এসেনশিয়াল অয়েল। ভালোভাবে এই মিশ্রণ আলোর চারপাশে ছড়িয়ে দিন দেখবেন কমে যাবে শ্যামাপোকার উপদ্রব।
  • অয়েল না থাকলেও এক কাপ জলে এক চামচ বেকিং সোডা আর একটা গোটা লেবুর রস ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে পারেন। বাড়ির সবকটা আলোর চার দিকে স্প্রে করে দিন। এই গন্ধে দেখবেন বাপ বাপ করে পালাবে শ্যামাপোকা বা সবুজ পোকারা।

আরও পড়ুন: ভুলেও ধনতেরাসে কিনবেন না এই জিনিসগুলি, অমঙ্গল ধেয়ে আসবে সংসারে

  • জলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণও শ্যামাপোকা তাড়াতে দারুণ উপযোগী। এছাড়াও বাড়ির আলোগুলোর পাশাপাশি এক গোছা নিমপাতা বেঁধে রাখুন, দেখবেন শ্যামাপোকারা খুব বেশি জ্বালাতন করবে না।
  • গোলমরিচের গুঁড়ো জলে ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন এবং সেটিকে আলোর চারিপাশে স্প্রে করে দিন দেখবেন সেই পোকাগুলোর দেখা পাওয়া যাবে না। তবে সন্ধের আগে এই কাজ করতে হবে। তাহলে দেখবেন একদমই ধারেকাছে ঘেঁষবে না শ্যামাপোকা।
  • শ্যামাপোকা দূর করতে দারুণ কার্যকর টি ট্রি অয়েলও। এক কাপ জলে দু’চামচ টি ট্রি তেল মিশিয়ে, তার পর আলোর চারদিকে স্প্রে করুন। উগ্র গন্ধ সহ্য করতে পারবে না শ্যামাপোকা। এতে বাড়ি থেকে তাড়ানো সম্ভব এদের।
google button