প্রীতি পোদ্দার, কলকাতা: মৌমাছি (Bee) বা বোলতার কামড় হয় বেশ সাংঘাতিক। তাইতো ঝোপঝাড় বা জঙ্গলে সাবধানে পা ফেলতে হয়। কিন্তু সাবধানেরও মার নেই, অনেক সময় মাঠে-ঘাটে চলতে গিয়ে বোলতা বা মৌমাছির হুল বিঁধে যায় গায়ে। তবে অধিকাংশ ক্ষেত্রে হুল ফোটানো বিপজ্জনক না-হলেও কারও কারও ক্ষেত্রে ভয়ংকর প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যে মারাত্মক জ্বালা, সঙ্গে অসহ্য যন্ত্রণা (Pain)। চামড়া লাল হয়ে ফুলে ঢোল হয়ে যায়। তাই এইসময় না ঘাবড়িয়ে সঙ্গে সঙ্গে কিছু প্রাথমিক চিকিৎসা (Emergency Medical Treatment) করে নেওয়া জরুরি।
মৌমাছি বা বোলতা কামড়ালে কী কী করতে হবে?
মৌমাছি বা বোলতা বসার সঙ্গে সঙ্গেই হুল ফুটিয়ে দেয় তাই আগে সেই হুল তুলে ফেলতে হবে। মূলত এরা ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে ধরে থাকে। তাই এদের সরানোর জন্য ব্যথার উপর ধীরে ধীরে পাশে আঙুল বোলান, তার পরেই আচমকা ঠেলে ফেলে দিন। ভুলেও চিমটি কেটে মৌমাছি অথবা বোলতাকে তোলার চেষ্টা করবেন না। নইলে সমস্ত বিষ বেরিয়ে পড়বে এবং হুলের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। এর পর কী কী প্রাথমিক চিকিৎসার প্রয়োজন সেটি জেনে নিন বিস্তারিত।
বরফ সেঁক
মৌমাছি বা বোলতা হুল ফোটানোর পর সেই ব্যথার স্থানটি গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। তাই সবার আগে সেখানে বরফ ডলতে হবে না সেঁক দিতে হবে। কাপড়ে এক টুকরো বরফ পেঁচিয়ে ওই স্থানে ১০ থেকে ১৫ মিনিট চেপে ধরে রাখলে এতে রক্তচলাচল কিছুটা ধীর হয়ে রক্তে বিষ ছড়ানো আটকাবে এবং যন্ত্রণা কমাবে। এরপর সেখানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।
মধু ও তুলসী পাতার রস
বোলতা কামড়ানোর জায়গায় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারেন। এর জন্য ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর মধুর সঙ্গে কিছু তুলসী পাতা থেঁতো করে তার রস লাগালেও ফোলা ও ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এছাড়াও অ্যান্টি হিস্টামিন ওষুধ খান। এবং ব্যথার জন্য প্যারাসিটামলও খেতে হবে।
আরও পড়ুন: বর্ষায় বাড়িতে বাড়ছে সাপের উপদ্রব? মেনে চলুন এই ৪ ঘরোয়া টিপস
ভিনিগার
বোলতা বা ভিমরুল কামড়ালে সুতির কাপড়ে সামান্য সাদা ভিনিগার বা লেবুর রস ভিজিয়ে আক্রান্ত জায়গায় চেপে ধরুন। নিমেষেই জ্বালা ভাব কমে আসবে। কারণ যেহেতু এদের বিষ ক্ষারীয়। এছাড়াও ক্ষতস্থানের ওপর ক্ষারযুক্ত বেকিং সোডা দারুণ কাজ করে। সামান্য বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে লাগিয়ে নিলেই এটি বিষ নিষ্ক্রিয় করতে ভীষণ সাহায্য করে।
এইসকল ঘরোয়া টোটকা প্রাথমিক জরুরি চিকিৎসা হিসেবে কাজ করবে। কিন্তু যদি অ্যালার্জির সমস্যা থাকে কিংবা মৌমাছি বা বোলতা কামড়ালে শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যায়, বমি বমি ভাব হয় তাহলে এটি ‘অ্যানাফিল্যাক্সিস’ নামের মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। তাই সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
Disclaimer: এই তথ্য কিছু সাধারণ তথ্যের উপর ভিত্তি করে পরিবেশিত হয়েছে। তাই বিস্তারিত জানতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।










