রান্নার আগে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন, নষ্ট হচ্ছে না তো পুষ্টিগুণ? জেনে নিন আসল সত্যি

Published:

Rice Washing

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় উপমহাদেশ ও বেশিরভাগ এশীয় দেশগুলির প্রধান খাদ্যই হল ভাত (Rice)। বাঙালিদের সাথে সাথে অনেক দক্ষিণ এশীয় পরিবারও সাধারণ দৈনন্দিন অভ্যাস হিসেবে রান্না করার আগে চাল ধুয়ে নেয় (Rice Washing)। অনেকে ততক্ষণ পর্যন্ত চাল ধুতে থাকেন যতক্ষণ না জল পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়। কখনও কখনও তার জন্য দরকার পড়লে ছয়-সাতবারও একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে থাকেন। কিন্তু এখন প্রশ্ন হল চাল পরিষ্কার করার জন্য কি এত ধোয়ার সত্যিই প্রয়োজন রয়েছে? সম্প্রতি, ইংল্যান্ডে একটি জল-সংরক্ষণ অভিযান এই সাধারণ অভ্যাসটি নিয়ে নতুন করে আলোচনার অবকাশ সৃষ্টি করেছে। এবিষয়ে কী পরামর্শ দেওয়া হয়েছে? কী বলছেন বিশেষজ্ঞরা, আসুন জেনে নেওয়া যাক। 

রান্নার আগে চাল ধোয়ার প্রয়োজনীয়তা কী সত্যিই রয়েছে?

ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চল বর্তমানে জলের অভাব এবং খরার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যার ফলে জলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। এছাড়া, সেদেশে বসবাসকারী দক্ষিণ এশীয় পরিবারগুলির রান্নাঘরের অভ্যাস সম্পর্কেও নির্দিষ্ট কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মানুষকে পাঁচ থেকে সাতবারের বদলে দু’বার চাল ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আসলে, চাল ধোয়ার প্রধান উদ্দেশ্য হল চালের দানায় লেগে থাকা ধুলো-ময়লা ও অতিরিক্ত শ্বেতসার বা স্টার্চ দূর করা। অনেক দক্ষিণ এশীয় পরিবার চাল ধোয়ার সময় বারবার জল বদলান এবং ঘোলা জল থেকে পরিষ্কার না হওয়া পর্যন্ত এই ধোয়ার প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু, এরকম স্বচ্ছতা আনতে চাল সবসময় বারবার ধোয়ার প্রয়োজন হয় না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আর পড়ুন: বর্ষায় জামা কাপড়ে ধরছে কালো ছোপ ছোপ দাগ? ‘তিলা’ কীভাবে দূর করবেন জানুন

সাধারণত, চাল দুই থেকে তিনবার ধোয়াই যথেষ্ট বলে মনে করা হয়। চাল পরিষ্কার করার জন্য পাঁচ-সাতবার ধরে ধুতে হবে, এমন কোনও কথা নেই। এমনকি, অতিরিক্ত চাল ধুলে জলের সাথে মিশে গিয়ে কিছু পুষ্টিকর উপাদান নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে, আয়রন, ফোলেট, নিয়াসিন, থায়ামিনের মতো উপাদান জলের সাথে ধুয়ে বেরিয়ে যেতে পারে। 

তাছাড়া, এটি একটি ভুল ধারণা যে বারবার ধুলে চালে আর্সেনিকের মাত্রা কমে যায়। আর্সেনিক কমানোর জন্য রান্নার পদ্ধতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি পরিমাণে জলে চাল সেদ্ধ করে তারপর অতিরিক্ত জল ফেলে দিলে, কিছু ক্ষেত্রে আর্সেনিকের পরিমাণ কমতে পারে। তাই, পরিষ্কার করার জন্য যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশিবার চাল না ধোয়াই উচিত। এতে জল ও চালের পুষ্টিগুণ দুই-ই নষ্ট হয়। জল পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত চাল ধুয়ে যাওয়া – এর পরিষ্কার হওয়ার মানদণ্ড নয়। দুই থেকে তিনবার ভালোভাবে ধুলেই যথেষ্ট। এতে জলের অপচয়ও হয়না, সময় এবং পুষ্টি বাঁচে।

আরও Cooking Rice