আনিষা চৌধুরী, কলকাতা: ৮ থেকে ৮০ সাজগোজের (Makeup) প্রতি মেয়েদের একটা আলাদাই ভালোবাসা রয়েছে। বাড়িতে কোনও অনুষ্ঠান, কারও বিয়ে কিংবা কোনও নিমন্ত্রণ থাকলে কীভাবে নিজেকে সাজানো যায় সেই নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। বিশেষ করে মেকআপ ঠিকঠাক না হলে পুরো লুকটাই যেন অসম্পূর্ণ মনে হয়। তাই নিজেকে সুন্দর দেখাতে একমাত্র ভরসা হয়ে ওঠে পার্লার। কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে বাড়িতেই অল্প কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করে তৈরি করা যায় সুন্দর, ঝলমলে মেকআপ লুক। এই প্রতিবেদনে এমনই কয়েকটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।
১. মেকআপের আগে বেস তৈরি করুন
সুন্দর মেকআপের প্রথম শর্ত হল পরিষ্কার ও আর্দ্র ত্বক। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর নিজের ত্বকের ধরন (শুষ্ক ত্বক/তৈলাক্ত ত্বক) অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলায় মেকআপ করলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন। ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ভালোভাবে বসে যাওয়ার পর প্রাইমার লাগান। এই প্রাইমার মেকআপের বেস মসৃণ করতে এবং দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখতে সাহায্য করে।
২. ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করুন
মেকআপের ক্ষেত্রে ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার না করে অল্প পরিমাণে নিয়ে মুখে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। চাইলে হালকা কভারেজের জন্য বিবি ক্রিমও ব্যবহার করা যায়। চোখের নীচে ডার্ক সার্কেল কিংবা মুখে দাগছোপ থাকলে প্রয়োজন অনুযায়ী কনসিলার লাগান। বিউটি ব্লেন্ডার বা উপযুক্ত ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করলে মেকআপ দেখতে আরও স্বাভাবিক লাগে।
৩. পাউডার দিয়ে মেকআপ সেট করুন
ফাউন্ডেশন ও কনসিলার লাগানোর পর মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখতে হালকা কমপ্যাক্ট পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। বিশেষ করে কপাল, নাক ও থুতনির মতো যে অংশগুলিতে তেলতেলে ভাব বেশি দেখা যায় এবং বেশি ঘাম হয় সেখানে অল্প পাউডার লাগানো যেতে পারে। তবে গোটা মুখে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই প্রয়োজন বুঝে ব্যবহার করুন।
৪. আইশ্যাড, আইলাইনারের ব্যবহার
চোখের সাজ পুরো মেকআপের লুক বদলে দিতে পারে। নিজের পোশাকের সঙ্গে মানানসই নিউড, ব্রাউন বা হালকা শিমার আইশ্যাডো বেছে নিন। এরপর আইলাইনার, কাজল ও মাসকারা ব্যবহার করে চোখের সাজ সম্পূর্ণ করুন। ভ্রুর ফাঁকা অংশগুলি আইব্রো পেন্সিল বা পাউডার দিয়ে হালকা করে ভরাট করে নিলে লুক আরও পরিপাটি দেখায়। দিনের সাধারণ অনুষ্ঠানের জন্য হালকা আই মেকআপ এবং রাতের পার্টির জন্য তুলনায় গাঢ় শেড বেছে নিন।
৫. ব্লাশ, হাইলাইটার ও লিপস্টিক দিয়ে ফাইনাল টাচ দিন
মেকআপের শেষ ধাপে গালে হালকা পিচ বা পিঙ্ক ব্লাশ লাগান। গালের উঁচু অংশে অল্প হাইলাইটার ব্যবহার করে মুখে উজ্জ্বল ভাব আনুন। এরপর পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক বা লিপ গ্লস লাগিয়ে নিন। মেকআপ আরও কিছুক্ষণ ধরে রাখতে শেষে সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: বিয়ের মরশুমে বাল্যবিবাহ রুখতে ১০০ দিনের বিশেষ কর্মসূচি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
একটা কথা মাথায় রাখবেন, মেকআপের জন্য সবসময় দামি বা প্রচুর প্রোডাক্ট প্রয়োজন হয় না। নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া, অল্প অল্প করে লাগানো এবং প্রতিটি ধাপ ভালোভাবে ব্লেন্ড করাই সুন্দর মেকআপের মূল চাবিকাঠি। তাই এরপর থেকে সাজগোজের জন্য পার্লারের পিছনে টাকা খরচ না করে নিজেই করে ফেলুন ন্যাচারাল গ্লোয়িং মেকআপ।










