প্রীতি পোদ্দার, কলকাতা: পুষ্টিবিদদের মতে, শরীর সুস্থ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজের প্রয়োজন, যার মধ্যে অন্যতম হল এই ‘মাইক্রোনিউট্রিয়েন্ট’, যেটি পাওয়া যায় কপার (Copper) বা তামা থেকে। আয়রন শোষণে সহায়তা করে খনিজটি। এমনকি কপারের অভাব হলে রক্তাল্পতা হতে পারে। শরীরে ক্লান্তি আসতে পারে। তা থেকেই শরীর (Health) দুর্বল হয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। তাই অনেকেই তামা বা কপারের গ্লাসে বা বোতলে জল (Copper Water) খায়। কিন্তু তামার পাত্রে জল খাওয়া কি আদৌ শরীরের পক্ষে ভালো?
অতিরিক্ত কপার ভয়ংকর প্রভাব ফেলে শরীরে
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, উচ্চ রক্তচাপ এবং বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে তামার পাত্রে রাখা জল খাওয়া বেশ উপকারী। তবে সবচেয়ে কঠিন সত্য হল যে শরীরে অতিরিক্ত পরিমাণে তামা প্রবেশ করলে সেখান থেকে বিষক্রিয়া হতে পারে। পুষ্টিবিদেরা বলছেন, তামার বোতলে জল খাওয়ার ক্ষেত্রে পরিমাণের বিষয়ে সতর্ক থাকা বেশ জরুরি। কারণ বেশি মাত্রায় তামা শরীরে প্রবেশ করলে হিতে বিপরীত হতে পারে। তাই সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু টিপস।
কোন কোন বিষয় মেনে চলতে হবে?
ওজন নিয়ন্ত্রণ করতে অনেকেই ডিটক্স পানীয় খেয়ে থাক। সেক্ষেত্রে অনেকেরই সকালবেলা উষ্ণ জলে লেবুর রস এবং মধু দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু ভুলেও এই জল তামার গ্লাসে রাখা বা খাওয়া একদমই ঠিক নয়। কারণ লেবুতে থাকা অ্যাসিড, তামার সংস্পর্শে এলে বিষক্রিয়া শুরু করে। যা পেটের জন্য মারাত্মক ক্ষতিকর।
আরও পড়ুন: জানেন, দিনের কোন সময়ে ওজন মাপা উচিত?
- জল রাখতে রাখতে অনেক সময় তামার বোতল দিয়ে একটা গন্ধ বেরোয়, তাই সেটিকে পরিষ্কার করতে অনেকেই নুন, লেবুর রস ব্যবহার করেন। কিন্তু এতে তামার গুণাগুণ উল্টে নষ্ট হয়ে যায়। তাই তামার বোতল শুধু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে যেমন গন্ধ থাকবে না, তেমনই কোনো দাগ থাকবে না।
- অনেকেই সবসময় তামার বোতল থেকে জল খেয়ে থাকেন। কিন্তু সারা দিন ধরে তামার বোতলে রাখা জল খেলে পেটের সমস্যা, বমি হতে পারে। এমনকি লিভার এবং কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। তাই চোখ কান খুলে তামার জিনিসে খাবার বা পানীয় খাওয়া উচিত।
- মাত্রাতিরিক্ত কপারের প্রভাবে লিভারের ক্ষতি হয়, সেক্ষেত্রে জিঙ্ক রয়েছে এমন খাবার যেমন ডিম, মাছ, দুধ, বাদাম এগুলো খাওয়া জরুরি। এছাড়াও ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি যেগুলিতে সালফার রয়েছে, সেগুলি কপারের সঙ্গে জোট বেঁধে শরীর থেকে অতিরিক্ত কপার বার করে দেয়।










