প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা (Monsoon) তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিলেও একাধিক সমস্যা পোহাতে হয় সকলকে। যার মধ্যে অন্যতম হল রান্নাঘরের ঝামেলা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলেই একদিকে যেমন আনাজপাতি তাড়াতাড়ি নষ্ট হয়, ঠিক তেমনই আবার নুন (Salt) ও চিনিও (Sugar) হয়ে যায় দলা পাকিয়ে (Kitchen Tips)। যতই কৌটোর ঢাকনা শক্ত করে আঁটা থাকুক না কেন, কয়েক দিনেই নুন-চিনি ভিজে প্যাচপ্যাচে হয়ে যায়। তবে চিন্তা নেই, আর সেই ঝামেলা পোহাতে হবে না, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কিছু টিপস।
আসলে বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাই এই সময়ে নুনের দানা বাতাস থেকে বেশি পরিমাণে আর্দ্রতা শুষে নেয়। আর এতেই কৌটোয় নুনের ঝরঝরে ভাব নষ্ট হয়ে যায়। সে কারণেই নুন ভিজে ভিজে হয়ে থাকে। অনেকসময় নুন গলে জলও হয়ে যায়। তাই আর্দ্রতার কথা মাথায় রেখে নুনকে এমন ভাবে রাখতে হবে, যাতে সেটি জল হয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
লবঙ্গ
রান্নার কাজে আমরা কমবেশি সকলেই লবঙ্গ ব্যবহার করি। আর এই উপকরণই নুন এবং চিনি কে বর্ষাকালে ঝরঝরে রাখবার জন্য বেশ কার্যকরী। কারণ এর মধ্যে দারুণ আর্দ্রতা শোষণ করার ক্ষমতা আছে। এর জন্য প্রথমে একটি কৌটো বা বয়ামের ভেতর কয়েকটি শুকনো লবঙ্গ রেখে দিতে হবে, তারপর নুন, চিনি রাখতে পারবেন। এতে ভেজা ভাব একদম থাকবে না। তবে লবঙ্গ কৌটোর মধ্যে রাখার আগে একটি পাতলা কাপড়ের মধ্যে সেটিকে মুড়িয়ে রাখতে হবে কারণ লবঙ্গের গন্ধ তা হলে নুন বা চিনির সঙ্গে মিশে যাবে।
চালের দানা
নুন ও চিনির আর্দ্রতা দূর করতে চালেরও ভূমিকা অপরিসীম। কারণ চালের শুকনো দানা নুনের কৌটোর অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। আর তাতেই এর খারাপ প্রভাব নুনের উপরে পড়ে না। ফলে নুন থাকে শুকনো ও ঝরঝরে থাকে। তাই নুনের কৌটোর মধ্যে কয়েকটি চাল ফেলে দিন। তারপর এয়ারটাইট করে তুলে রাখুন।
আরও পড়ুন: পোড়া কড়াইয়ের জেদি দাগ উঠবে খুব সহজেই, মেনে চলুন এই ৩ টিপস
রাজমা
রাজমার দানাও নুন বা চিনির কৌঠায় রাখলে ভিজে ভাব দূর হয়ে যায়। কারণ এই রাজমার দানা অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে পারে। এর জন্য কৌটোয় কয়েকটি রাজমা ঢুকিয়ে দিয়ে তার মধ্যে নুন এবং চিনি ঢেলে কৌটার ঢাকনা শক্ত করে আটকে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজমার কোনও বিশেষ স্বাদও নেই। তাই কৌটোর মধ্যে রাজমার দানা রাখলে নুনে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না।










