দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজ, ঘুরে আসুন অফবিট ডেস্টিনেশন সামথার

Published:

সহেলি মিত্র, কলকাতা: মনটা পাহাড় পাহাড় করছে? কিন্তু সেই এক দার্জিলিং বা কালিম্পঙ-এ যেতে চাইছেন না? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। আজ এমন এক সুন্দর ও শান্ত জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আজ কথা হবে সুন্দর এবং ছিমছাম পাহাড়ি গ্রাম সামথার (Samthar) নিয়ে। জায়গাটি কোথায় নিশ্চয়ই ভাবছেন? চলুন জেনে নেওয়া যাক।

দার্জিলিং-এর ভিড় ছেড়ে ঘুরে আসুন ‘সামথার’

কালিম্পংয়ের শান্ত পাহাড়ি গ্রাম সামথার প্রকৃতিপ্রেমীদের কাছে এক অপূর্ব গন্তব্য। শহরের কোলাহল থেকে দূরে সবুজ পাহাড়ের মাঝে নিরিবিলিতে সময় কাটানোর আদর্শ জায়গা হল সামথার। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই জায়গার জুড়ি মেলা ভার। এখানকার হোমস্টে গুলির ঘরোয়া পরিবেশ ও আন্তরিক আতিথেয়তা পর্যটকদের বাড়ির মতো স্বস্তি দেয়। পাশাপাশি পাহাড়ি স্বাদে তৈরি টাটকা ও সুস্বাদু ঘরোয়া খাবার ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে।

কী কী দেখবেন?

সামথার আশেপাশে ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গা আছে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে ঘুরে নেওয়া যায় পানবু ভিউ পয়েন্ট, কালিম্পংয়ের ডেলো পার্ক, পাইন ভিউ নার্সারি ও দুরপিন পাহাড়। সময় হাতে থাকলে লাভা, রিশপ ও লোলেগাঁওয়ের মতো জনপ্রিয় পাহাড়ি গন্তব্যেও বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। পাহাড়, সবুজ প্রকৃতি, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর ঘরোয়া আতিথেয়তা—সব মিলিয়ে সামথার হতে পারে আপনার পরবর্তী পাহাড় ভ্রমণের আদর্শ ঠিকানা।

আরও পড়ুনঃ নতুন অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে এই শীতে ঘুরে আসুন লুনসেল

কীভাবে যাবেন?

শিলিগুড়ি  থেকে কালিম্পংয়ের সামথার যাওয়ার রাস্তা দুটি। একটি কালিঝোরা ড্যামের ওপর দিয়ে। আরেকটি রুট হল ২৭ মাইল ড্যামের ওপর দিয়ে। সামথার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরেই রয়েছে পানবু ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়, তরাই, তিস্তা, যেখান থেকে সব দেখা যায়।

google button