পুজোর আগেই ডিএ বেড়ে হতে পারে ৬৪%? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

Published:

Dearness Allowance

আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে সরকার। জুলাই ২০২৬-এর AICPI-IW বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স-এর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এর উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা অনুমান করছেন, পরবর্তী দফায় মহার্ঘ ভাতার হার বেশ কিছুটা বাড়তে পারে। লেবার ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে AICPI-IW সূচকে ১.৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। ১২ মাসের গড় মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬৪.৩৮ শতাংশে। এই তথ্য অনুযায়ী হিসেব করলে পুজোর আগেই DA ৬৪ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে গোটা বিষয়টি এই মুহূর্তে ধারণা করা হচ্ছে। কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনই কোন সরকারি বিজ্ঞপ্তি বা চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

কবে মিলতে পারে বাড়তি মহার্ঘ ভাতা?

জুলাই ২০২৬-এর DA নিয়ে এখনও পাকাপাকিভাবে কোন সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় সরকার। সাধারণত বছরের দ্বিতীয় দফার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। সেই হিসেবে অক্টোবর মাসে কেন্দ্র এই বিষয়ে কিছু ঘোষণা করলেও করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কবে নতুন হারে DA কার্যকর হবে, তা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

কতটা বাড়তে পারে কর্মীদের মাসিক আয়?

বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের DA-এর হার ৬০ শতাংশ। সেটা বেড়ে ৬৪ শতাংশ হলে মূল বেতনের ভিত্তিতে মাসিক আয়ে বিরাট পরিবর্তন আসবে। উদাহরণ হিসেবে, লেভেল ১ কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হলে এবং এর সঙ্গে ৬০ শতাংশ হারে DA যোগ হলে মোট দাঁড়ায় ১০,৮০০ টাকা। ৬৪ শতাংশ হারে এই অঙ্ক বেড়ে হবে ১১,৫২০ টাকা। অর্থাৎ মাসে ৭২০ টাকা বেশি মিলতে পারে। একইভাবে ৪৪,৯০০ টাকা বেতন পাওয়া লেভেল ৭ কর্মীর ক্ষেত্রে মাসিক বৃদ্ধি হতে পারে ১,৭৯৬ টাকা। লেভেল ৬ কর্মীদের ক্ষেত্রে বাড়তি অর্থের পরিমাণ ১,৪০০ টাকার বেশি হতে পারে। লেভেল ৫ কর্মীদের মাসিক আয়ও প্রায় ১,১৬৮ টাকা বাড়তে পারে।

আরও পড়ুন: ভদ্রা রাজযোগ সহ বিভিন্ন শুভ যোগ, সোম থেকেই খুলবে পাঁচ রাশির কপাল

সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ত্রাণ বছরে দু’বার সংশোধন করা হয়। সাধারণত জানুয়ারি ও জুলাই, এই দুই মাসকে কেন্দ্র করেই DA ও DR-এর হার নির্ধারণ করা হয়। জানুয়ারি ২০২৬-এর সংশোধন ইতিমধ্যেই হয়েছে। এবার নজর জুলাইয়ের পরবর্তী কিস্তির দিকে। নতুন হার কার্যকর হলে কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও তার সুবিধা পাবেন।