আনিষা চৌধুরী, কলকাতা: কীভাবে করবেন SIP? মাসে কত টাকা দিলে সুরক্ষিত হবে অবসর জীবন? চলুন বিষয়টাকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নিন, SIP আসলে কী? মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ (Investment) করার পদ্ধতিই হল SIP। দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে এই বিনিয়োগ চালিয়ে গেলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে পারে। তবে সময়ের সঙ্গে যদি আয় বাড়ে তাহলে শুধু বিনিয়োগের মেয়াদ নয়, মাসিক বিনিয়োগের অঙ্কও বাড়ানো যেতে পারে। এই পদ্ধতিকেই বলা হয় স্টেপআপ SIP। অর্থাৎ, প্রতি বছর নির্দিষ্ট হারে SIP-এর পরিমাণ বাড়িয়ে দেওয়া। এতে শুরুতে তুলনামূলক কম টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেও ধীরে ধীরে বড় অঙ্কের তহবিল তৈরি করার সুযোগ গড়ে ওঠে।
৫ হাজার টাকা থেকে শুরু করলে কত হতে পারে?
ধরা যাক, প্রতি মাসে ৫ হাজার টাকা করে ১৫ বছর বিনিয়োগ করা হল। সে ক্ষেত্রে নিজের পকেট থেকে মোট ৯ লক্ষ টাকা বিনিয়োগের খাতায় যোগ হবে। গড়ে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন পাওয়া গেলে সেই টাকা বেড়ে আনুমানিক ২৫ লক্ষ ২২ হাজার টাকা হতে পারে। এবার যদি প্রতি বছর SIP-এর অঙ্ক ১০ শতাংশ করে বাড়ানো হয়, তাহলে ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৯ লক্ষ ৬ হাজার টাকায়। একই হারে রিটার্ন-এর পরিমাণ হবে প্রায় ৪৩ লক্ষ ৪১ হাজার টাকা।
১০ হাজার টাকা দিয়ে শুরু করলে কত টাকা পাবেন?
এবার মাসে ৫-এর বদলে ১০ হাজার টাকা দিয়ে SIP শুরু করলে অঙ্কটা অনেকটাই বেড়ে যাবে। প্রতি বছর বিনিয়োগের অঙ্ক ১০ শতাংশ করে বাড়ানো হলে দীর্ঘমেয়াদে পার্থক্যটা বেশ বড় হতে পারে। ৩২ বছর ধরে এই পদ্ধতিতে বিনিয়োগ করলে, গড়ে ১২ শতাংশ রিটার্নের হিসাব অনুযায়ী মোট তহবিল প্রায় ১১ কোটি ৭১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীর নিজের জমা করা অর্থের পরিমাণ হবে আনুমানিক ২ কোটি ৪১ লক্ষ টাকা। অর্থাৎ হিসাব অনুযায়ী প্রায় ৯ কোটি ৩০ লক্ষ টাকা রিটার্ন হিসেবে পাওয়া যাবে।
আরও পড়ুন: আমির খানের দঙ্গল দেখেই শুরু লড়াই, কুস্তিতে দেশের হয়ে সোনা জিতলেন অটো চালকের মেয়ে
কেন স্টেপআপ SIP নিয়ে ভাববেন?
প্রতি বছর বিনিয়োগের অঙ্ক একটু একটু করে বাড়ালে বিনিয়োগের পরিমাণও দ্রুত বাড়তে থাকবে। সেই অতিরিক্ত অর্থ দীর্ঘ সময় বিনিয়োগে থাকার কারণে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাওয়া যাবে। যাঁদের আয় সময়ের সঙ্গে বাড়ে বা ভবিষ্যতে বড় কোনও আর্থিক লক্ষ্য রয়েছে, তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই পদ্ধতি বিবেচনা করতে পারেন। তবে ১০ শতাংশ হারে প্রতি বছর SIP বাড়ানো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই ভবিষ্যতের আয় ও অন্যান্য খরচ মাথায় রেখেই বিনিয়োগের অঙ্ক ঠিক করা প্রয়োজন। এখানে দেওয়া হিসাবগুলি সম্ভাব্য রিটার্নের ভিত্তিতে কয়েকটি উদাহরণ মাত্র। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।










