সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির (Indian Rupee) মান পতন ঠেকাতে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আগামী শুক্রবার আরবিআই-র তিনদিন ব্যাপী ঋণ নীতি নির্ধারণ কমিটিতে হতে পারে বড়সড় ঘোষণা। সাধারণত বাজার বিশেষজ্ঞদের ধারণা ছিল, কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার সুদের হার ৫.২৫%-এ অপরিবর্তিত রাখবে। কিন্তু রুপির লাগাতার পতন আর শেয়ার বাজার থেকে বিদেশে পুঁজি প্রত্যাহারের হাওয়া দেখে বিশেষজ্ঞদের একটি বৃহৎ অংশ মনে করছেন যে, বাজারকে চমক দিয়ে সুদের হার বাড়াতে পারে শীর্ষ ব্যাঙ্ক।
কী বলছেন অর্থনীতিবিদরা?
সম্প্রতি সিএনবিসির এক সমীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ অর্থনীতিবিদ সুদের হার অপরিবর্তিত রাখার পূর্বভাস দিয়েছিলেন। কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ফার্ম বার্নস্টেইনের ভারতীয় গবেষণা প্রধান ভেনুগোপাল সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। তিনি দাবি করছেন যে, বিশ্ববাজারে সুদের হারের সাম্প্রতিক গতির সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এবং টাকা লাগাবিহীন অবমূল্যায়ন কমানোর জন্য সুদের হার বাড়ানো এই মুহূর্তে আরবিআই এর কাছে সবথেকে বড় পদক্ষেপ।
এদিকে ভারতের প্রতিবেশী দেশগুলো নিজেদের মুদ্রার পতন ঠেকাতে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। গত ২০ মে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রত্যাশার থেকে অনেক বেশি অর্থাৎ ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে দিয়েছিল। এদিকে ২৬ মে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্ক সুদের হার বাড়ায় ১২ বেসিস পয়েন্ট, যা দেশের বিগত চার বছরের ইতিহাসে সবথেকে বড় বৃদ্ধি।
আরও পড়ুন: ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, আগামীকালের আবহাওয়া
তবে লাগাতার বাড়তে থাকা আমদানি বিল এবং দেশীয় বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ মূলধন তুলে নেওয়ার কারণে ভারতীয় মুদ্রা বর্তমানে এশিয়ার মধ্যে সবথেকে ভঙ্গুর মুদ্রায় পরিণত হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরবিআই বাজার নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমে ব্যাপক পরিমাণ ডলার বিক্রি শুরু করেছে। অন্যদিকে সোনা আমদানিতে রাশ টেনে বৈদেশিক মুদ্রা সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার সোনার আমদানি শুল্ক বাড়িয়েছে। এমনকি প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে আগামী ১ বছর সোনা না কেনার আবেদন জানিয়েছেন। এখন দেখার, আরবিআই কী পদক্ষেপ নেয়।










