আনিষা চৌধুরী, কলকাতা: কখনও চিকিৎসার প্রয়োজনে আবার কখনও বাড়ি, গাড়ি কিংবা পড়াশোনার মতো বড় খরচ সামলাতে অনেকেই ব্যাংক থেকে লোন বা ঋণ নেন। কিন্তু সেই ঋণের মাসিক কিস্তি বা EMI-ই অনেক সময় মানুষকে সমস্যায় ফেলে দেয়। সাধারণ মানুষের সংসার খরচের অনেকটাই এই EMI দিতে দিতে চলে যায়। এবার সেই পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। SBI Research-এর EcoWrap রিপোর্টে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) রেপো রেট (Repo Rate) বাড়াতে পারে। যদি সত্যি এমনটা হয় তাহলে নিঃসন্দেহে এটি সাধারণ মানুষের জন্য বেশ সমস্যার বিষয়। কারণ এর প্রভাব পড়তে পারে বিভিন্ন ধরনের ঋণের সুদের হারে।
অক্টোবরেই বাড়তে পারে রেপো রেট
SBI Research-এর অনুমান করছে, অক্টোবর মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে। শুধু অক্টোবরেই নয়, ডিসেম্বরেও আরও ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এই পূর্বাভাস যদি বাস্তবায়িত হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে রেপো রেট মোট ৫০ বেসিস পয়েন্ট বাড়তে পারে। সুদের হারের এই বিরাট পরিবর্তন বিশেষ করে ফ্লোটিং রেটের ঋণ নেওয়া গ্রাহকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
কেন বাড়ছে রেপো রেট নিয়ে আশঙ্কা?
রেপো রেট নিয়ে এই পূর্বাভাসের পিছনে অন্যতম কারণ হিসেবে যে বিষয়টি উঠে এসেছে, সেটি হল কাঁচা তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং তা ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি পেরিয়েছে। তেলের দাম যদি এমনই থাকে, তাহলে আগামী দিনে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। SBI Research-এর মতে, কাঁচা তেলের দাম নিয়ন্ত্রণে না এলে অক্টোবর-নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.৫ শতাংশ বা তারও বেশি হতে পারে। যা রীতিমত চিন্তার বিষয়।
আরও পড়ুন: একধাক্কায় ৫১ হাজার টাকা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের!
রেপো রেট বাড়লে ব্যাংকগুলিও ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে ফ্লোটিং রেটের ঋণ নেওয়া ব্যক্তিদের EMI বাড়ার সম্ভাবনা প্রখর। তবে ঠিক কতটা কিস্তি বাড়বে, সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাংকের সুদের হার কতটা পরিবর্তন হবে তার ওপর। তাই ঋণগ্রহীতাদের নিজের লোনের সুদের হার ও রেটের ধরন এখন থেকেই দেখে রাখা জরুরি। ইতিমধ্যেই নতুন করে কোনও ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে, বিভিন্ন ব্যাংকের সুদের হার এবং EMI তুলনা করে সিদ্ধান্ত নেওয়াই মঙ্গল।










