বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাগজের মুদ্রার দিন শেষ! এবার গোটা দেশজুড়ে চালু হবে প্লাস্টিকের নোট (RBI Plastic Note)! এমনটাই ভাবনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনের দাবি করা হয়েছিল, ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালু করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে RBI-র বোর্ডে। তারপর থেকেই কাগজের মুদ্রা বদলে প্লাস্টিকের মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এই প্লাস্টিকের নোট তৈরি করতে কত খরচ হবে রিজার্ভ ব্যাঙ্কের?
হঠাৎ প্লাস্টিকের মুদ্রার ভাবনা কেন?
একটি সরকারি সূত্র জানিয়েছে, সাধারণত কাগজের মুদ্রার তুলনায় প্লাস্টিকের নোট তৈরিতে খরচ অনেকটাই কম। একই সাথে এই নোট চালু হলে ATM থেকেও পলিমারের টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এছাড়াও প্লাস্টিকের নোট আর পাঁচটা কাগজের নোটের মতো জল লেগে নষ্ট হবে না। পাশাপাশি এই ধরনের নোট বছরের পর বছর রেখে দেওয়া যাবে।
জানা যাচ্ছে, কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিকের নোট চালানোর চূড়ান্ত অনুমতি সরকারের তরফে পাওয়া গেলে রিজার্ভ ব্যাঙ্ক একসাথে গোটা দেশে প্লাস্টিকের নোট চালু করে দিতে পারে। তবে তার আগে পরীক্ষামূলকভাবে এই নোট চালিয়ে দেখার জন্য প্রাথমিকভাবে বাজারে কিছু নোট আনতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। সে সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত RBI একে একে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
প্লাস্টিকের নোট তৈরিতে খরচ কত?
বর্তমানে ভারতে প্রচলিত কাগজের নোটগুলির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় 200 টাকার নোট। এই একটি নোট তৈরি করতে RBI এর খরচ হয় 2 টাকা 93 পয়সা। অন্যদিকে 500 টাকার একটি নোট তৈরি করতে খরচ পড়ে 2 টাকা 94 পয়সা। একইভাবে 10 টাকার নোট তৈরি করতে 1.01 টাকা, 20 টাকার নোট তৈরি করতে 1 টাকা, 50 টাকার নোট তৈরি করতে 1 টাকা 22 পয়সা এবং 100 টাকার চকচকে নোট তৈরি করতে রিজার্ভ ব্যাঙ্কের খরচ হয় দেড় টাকার থেকে সামান্য বেশি।
তবে যদি প্লাস্টিকের নোটের কথা বলা হয়, সেক্ষেত্রে এই পলিমারের নোটগুলি উৎপাদন করতে খরচ অনেকটাই কম। বিশেষজ্ঞরা বলছেন, যদি একটি কাগজের নোট তৈরি করতে 1 টাকা থেকে 3 টাকা খরচ হয় সেই তুলনায় কাগজের নোট তৈরি করতে প্রায় অর্ধেকের কাছাকাছি খরচ হতে পারে!
অবশ্যই পড়ুন: যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তিন বাহিনী, পাকিস্তানকে সতর্ক করলেন ভারতীয় সেনাপ্রধান!
প্রসঙ্গত, RBI এর বার্ষিক রিপোর্ট বলছে, 2023-24 আর্থিক বছরে কাগজের নোট ছাপাতে কেন্দ্রীয় সরকারের খরচ হয়েছিল 5,101.4 কোটি টাকা। তার পরের বছর অর্থাৎ 2024-25 আর্থিক বছরে সরকারের নোট তৈরিতে খরচ হয় 6,372.8 কোটি টাকা। অর্থাৎ 2023-24 আর্থিক বছরের তুলনায় নোট তৈরিতে খরচ বেড়েছে সরকারে। একই সাথে বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ময়লা নোট বাতিল সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। 2024-25 আর্থিক বছরে 2,380 কোটি টাকার নোংরা নোট প্রত্যহার করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।










