দার্জিলিং-র কাছেই মেঘে ঢাকা অপূর্ব গ্রাম, ঘুরে আসুন গরমের ছুটিতে

Published:

Bagora

সহেলি মিত্র, কলকাতাঃ প্রখর গরমে পুড়ছে সমগ্র বাংলা। সকলেই কমবেশি চাইছেন এরকম গরম আবহাওয়া থেকে মুক্তি পেতে। সামনেই গরমের ছুটি (Summer Vacation), সেই অবসর সময়ে কেউ যাচ্ছেন পাহাড়ে তো কেউ যাচ্ছেন সমুদ্রে। আপনিও কি পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন কিছুদিনের জন্য? কিন্তু দার্জিলিং (Darjeeling) বা কালিম্পং-এর ভিড় এড়াতে চাইছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এমন এক জনপদ, এমন এক অফবিট জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে বাধ্য। ভাবছেন এরকম স্বপ্নের মতো বাস্তব জগতে আছে নাকি? আপনার সেই প্রশ্নের উত্তর দেবে ‘বাগোরা।’ (Bagora)

দার্জিলিং-র কাছেই রয়েছে মেঘে ঢাকা সুন্দর এক গ্রাম

এখনও অবধি খুব কম পর্যটকেরই পা পড়েছে এই বাগোরাতে। এর কারণ জায়গাটি অনেকটাই অফবিট, সঙ্গে খুব কম মানুষ এই জায়গাটি সম্পর্কে জানেন বা শুনেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১০০ ফুট উচ্চতায় অবস্থিত বাগোরা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মনোরম গ্রাম। বাগোরা এমন কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে প্রকৃতি তার অসাধারণ সৌন্দর্যে সবুজে ভরপুর। ঘন আলপাইন অরণ্য এবং রডোডেনড্রন গাছের মাঝে অবস্থিত বাগোরা থেকে আপনি তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন।

কী কী দেখবেন?

এই বাগোরা প্রকৃতির মাঝে নিজের মনের প্রশান্তি খুঁজে পাওয়ার সেরা জায়গাগুলির মধ্যে একটি। এখানে রয়েছে বেশ কিছু ভিউপয়েন্ট, যেখান থেকে পরিষ্কার দিনে আপনি সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। বাগোরা প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব জায়গা। এই জায়গা থেকে তিস্তা ও মহানন্দা নদীর অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। গ্রিনহাউস, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা ফুলের বাগান, গ্রামের সর্বত্র বাগোরার ভেষজ ও ঔষধি গাছপালা, বাগোরার পাহাড়ি অঞ্চলের পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে চলা তিস্তা নদী, ব্রিটিশ শাসনামলে ব্রিটিশদের দ্বারা নির্মিত গ্রামের একটি প্রাচীন চিমনি দেখতে পাবেন।

আরও পড়ুনঃ তৈরি নিম্নচাপ অক্ষরেখা! কালবৈশাখী-ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়া

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি বাগোরা যাবেন? বাগোরার নিকটতম রেল স্টেশন হলো এনজেপি এবং নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা। এখানে যাওয়ার জন্য আপনাকে শিলিগুড়ি, বাগডোগরা বা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কার্শিয়াং ও ঘুম হয়ে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করুন। কার্শিয়াং থেকে ডান দিকে মোড় নিয়ে ডাউন হিল রোড ধরে বাগোরার গ্রামে পৌঁছাতে পারবেন।