তৈরি নিম্নচাপ অক্ষরেখা! কালবৈশাখী-ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত রয়েছে। কিছু জেলায় তো আবার তাপপ্রবাহ, লু-এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। এক কথায় বর্তমান সময়ে গরমে নাজেহাল অবস্থা সকলের। কবে থেকে পরিস্থিতি ঠিক হবে? সেই প্রশ্ন সকলের। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ ৫ জেলায় ভীষণ গরম, তাপপ্রবাহ, আকাশ আংশিক মেঘলা থাকবে বলে খবর। যদিও আজ শনিবার থেকেই কিন্তু বাংলার আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গরম কমে শুরু হবে কালবৈশাখী, সঙ্গে তুমুল বৃষ্টি। চলুন বিশদে জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের ভ্রূকুটি রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা জেলায়। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, এপ্রিলের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার থেকেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই সময় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মূলত একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ০.৯ কিমি গড় সমুদ্রপৃষ্ঠের ওপর অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আজকের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হবে ভারতের রাজত্ব! ১.২ লক্ষ কোটির মেগা মিশন কেন্দ্রের

আগামীকালের আবহাওয়া

রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন কালবৈশাখীর সঙ্গেব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব অ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। বৃষ্টির সঙ্গে হতে পারে কালবৈশাখীও। বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও।