কলকাতার অদূরেই রয়েছে রহস্যময় মন্দির ও ৩টি দ্বীপ, ঘুরে আসুন উইকএন্ড ট্রিপে

Published:

Kahalgaon

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা (Kolkata) থেকে খুব কাছেই রয়েছে এমন এক রাজ্য, এমন এক অফবিট জায়গা যেখানে গেলে মনে হবে বিদেশে এসে পৌঁছেছেন। রয়েছে এমন এক অফবিট দ্বীপ, সেই দ্বীপে রয়েছে রহস্যময় এক মন্দির। এক সপ্তাহের ট্যুর হোক বা দুদিনের, আজ যে জায়গা নিয়ে কথা হবে সেখানে গেলে জায়গাটির প্রেমে পড়ে যাবেন। নিশ্চয়ই ভাবছেন এমন জায়গা কোথায় আছে? তাহলে আপনাকে যেতে হবে কেহেলগাঁও (Kahalgaon)। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

কলকাতার কাছেই রয়েছে তিনটি রহস্যময় দ্বীপ

এই কেহেলগাঁও-তে আপনি প্রকৃতির শোভা, নদীর ধারে দ্বীপ সঙ্গে শান্ত পরিবেশের আমেজ নিতে পারবেন। বাংলা ও বিহার সীমান্তে থাকা এই দ্বীপটি উইকএন্ড ট্রিপের জন্য একদম আদর্শ স্থান। বিহার এমনিতেই খুব সুন্দর একটি রাজ্য। তারই মধ্যে এই কেহেলগাঁও দ্বীপ বিহারের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। গঙ্গা নদীর তীরে গেলে সেখানকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। গঙ্গার মাঝখানে তিনটি পাহাড় রয়েছে, প্রত্যেকটির নিজস্ব কাহিনী আছে।

যাবেন নাকি কেহেলগাঁও?

প্রথম পাহাড়টি হলো শান্তি বাবা পাহাড়, দ্বিতীয়টি বাঙালি বাবা পাহাড় এবং তৃতীয়টি পাঞ্জাবি বাবা পাহাড়। এই পাহাড়গুলোর নামকরণ পরবর্তীকালে করা হয়েছিল। আগে এগুলো বুদ্ধ আশ্রম, তপস আশ্রম এবং নানকশাহী আশ্রম নামে পরিচিত ছিল। এই তিনটি পাহাড়ের এমন স্বতন্ত্র রূপ রয়েছে যে তা পর্যটকদের আকর্ষণ করছে এখন। কপাল ভালো থাকলে আপনি নদীতে ডলফিন অবধি দেখতে পাবেন। যখন গঙ্গার জলস্তর বাড়ে, তখন তিনটি পাহাড় স্পষ্ট হয়ে ওঠে। জলস্তর কমে গেলে জায়গাটি মনোরম হয়ে ওঠে।

এই পাহাড়গুলির মধ্যে দিয়ে বয়ে চলা গঙ্গার কলকল শব্দ এই স্থানের অপার্থিব সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ভাগলপুরের কেহেলগাঁও-এ গঙ্গার মাঝের এই পাথুরে দ্বীপটি দেখে প্রথম নজরে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটি থাইল্যান্ডে নয়, পূর্ব ভারতে অবস্থিত।

কীভাবে যাবেন?

আপনি কলকাতা থেকে সহজেই এই কেহেলগাঁও যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আপনি হাওড়া থেকে জামালপুর এক্সপ্রেস ধরে কেহেলগাঁও স্টেশনে নামতে পারেন। সেখানে স্টেশনের বাইরে লোকাল সাইটসিইং-এর জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন। সেটাতে করেই আপনি চারিদিকটা ঘুরে দেখতে পারবেন।