যেতে সম্বল শুধুমাত্র নৌকা, কলকাতা থেকে মাত্র ২ ঘন্টায় পৌঁছে যান রহস্যময় ‘রাজবাড়ি’-তে

Published:

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি এই পুজোয় একটু অন্যরকম জায়গায় ঘুরতে যেতে চাইছেন? পাহাড় বা সমুদ্র নয়, রাজবাড়ি যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজ আপনাদের এমন এক দুর্ধর্ষ জায়গার সন্ধান দেব যেখানে যাওয়ার পর আপনার মনে হতে বাধ্য, ইসস কেন আগে এখানে আসেননি। জায়গাটি কলকাতা শহর থেকে মাত্র ২ ঘন্টা দূরে অবস্থিত। আজ কথা হবে ময়নাগড় রাজবাড়ি (Moynagarh Rajbari) নিয়ে। একদিনে ঘুরে আসতে পছন্দ করে থাকেন, সর্বোপরি রাজবাড়ি ঘুরতে ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্য একদম আদৰ্শ হতে পারে।

একদিনের ছুটিতে ঘুরে আসুন ‘ময়নাগড় রাজবাড়ি ‘-তে

আজ আলোচনা হবে ‘ময়নাগড় রাজবাড়ি’ নিয়ে যেখানকার প্রতিটি ইট আজও বছরের পর বছর ইতিহাস বহন করে চলেছে। এই রাজবাড়ি এমন এক জায়গা যেখানে বিকেল ৫টার পর কেউ ধারে-কাছেও যেতে চায় না। এই ময়নাগড় রাজবাড়ি যেন ‘দ্বীপের মধ্যে দ্বীপ’-দুটি পরিখায় ঘেরা এই ঐতিহাসিক রাজবাড়িতে যাওয়ার একমাত্র পথ আজও নৌকা। অনেকে তাই জায়গাটিকে ‘মিনি কেরালা’ও বলেন। কথিত আছে, ধর্মমঙ্গল কাব্যের মহাবলি লাউসেনের কিংবদন্তি রাজধানী ছিল ময়নাগড়।

প্রায় হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িতে রয়েছে পুরনো দেউলি, রাজদরবার, মাটির নীচের ঘর, রাধাশামানন্দ জিউ মন্দির এবং প্রায় ২০০ বছরের পুরনো কাঁঠাল গাছ। বর্তমানে এই প্রাচীন রাজবাড়িতে গুপ্তধনের সন্ধান নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তমলুক থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে কংসাবতী নদীর তীরে অবস্থিত ময়নাগড় দ্বীপ। পরবর্তীতে জলদস্যু শ্রীধর হুইয়ের দখলে যায় গড়টি। ১৫৬২ খ্রিস্টাব্দে গোবর্ধনানন্দ শ্রীধর হুইকে পরাজিত করে ময়নাগড় দখল করেন এবং রাজপরিবার প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুনঃ জয়ন্তীতে রাত্রিবাসে বাধা নয়, এক পাসেই ঘোরা যাবে একাধিক স্পটে

উৎকলরাজ মুকুন্দ হরিচন্দনের সঙ্গে যুদ্ধে গোবর্ধন বন্দি হলেও তাঁর বীরত্ব ও সঙ্গীতে মুগ্ধ হয়ে তাঁকে সিংহাসন, রাজচিহ্ন ও ‘বাহুবলীন্দ্র’ উপাধি দেওয়া হয়। বর্তমানে ময়নাগড়ে তাঁর প্রতিষ্ঠিত প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। এই স্থাপত্যে বৌদ্ধ রীতি ও ওড়িশি শিল্পকলার সংমিশ্রণের ছাপ রয়েছে।

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গায় কীভাবে যাবেন? আপনি যদি ট্রেনে করে যেতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে তমলুক যান। তারপর সেখান থেকে টোটো অথবা বাসে নিমতৌড়ি যান। সেখান থেকে আবার বাসে বা টোটোতে ময়নায় পৌঁছে যান। এরপর সেখান থেকে ময়নাগড় রাজবাড়ি পৌঁছে যেতে পারবেন অনায়াসেই। এছাড়া আপনি যদি বাসে আসতে চান তাহলে  দিঘাগামী একটি সরাসরি বাসে উঠে নিমতৌরিতে নামুন। এরপর নিমতৌড়ি থেকে বাকি ১৩ কিলোমিটার পথ ময়নাগড় যাওয়ার জন্য একটি লোকাল বাস বা টোটো নিয়ে পৌঁছে যান রাজবাড়ী।