হাওড়ার ঘাটে ৬০ ফুটের দুর্গা মূর্তি, শহরের ‘লুক’ পাল্টে যাবে দাবি নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর

Published:

Howrah

অনন্যা সরকার, হাওড়া: গঙ্গার পশ্চিম তীর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার ভোল পাল্টে ফেলতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে এই বার্তাই দিয়েছেন উত্তর হাওড়ার (Howrah) বিধায়ক ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী  উমেশ রাই (Umesh Rai)। তিনি জানিয়েছেন পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের যৌথভাবে হাওড়ার ঘাটগুলির সংস্কার ও আধুনিকীকরণ করবে। তার পাশাপাশি, রামকৃষ্ণপুর ঘাটে (Ramkrishnapur Ghat) বসানো হবে ৬০ ফুটের বিশাল দুর্গা মূর্তি। সেই মূর্তির রূপরেখাও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 

৬০ ফুটের দুর্গা মূর্তি বসানোর কাজ শুরু শীঘ্রই

উমেশ রাই জানিয়েছেন যে, ধাতু দিয়ে নির্মিত এই দুর্গা মূর্তিটির উচ্চতা হবে ৬০ ফুট এবং এর নাম রাখা হবে ‘দুর্গা শক্তি’ (Durga Shakti)। মূর্তিটি বসানো হবে রামকৃষ্ণপুর ঘাটে এবং ঘাট সংলগ্ন এলাকার আধুনিকীকরণ করা হবে বলেও জানিয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক। আধুনিকীকরণের জন্য ঘাট সংলগ্ন অস্থায়ী দোকানগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। উমেশ রাই বলেন, খুব দ্রুত দুর্গা শক্তির কাজ শুরু হবে এবং আসন্ন দুর্গাপূজার আগেই এটি সম্পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা জায়গাটির পরিদর্শন করেছেন। 

গতকাল রামকৃষ্ণপুর ঘাট ও তার চারপাশের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রের  ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC)-এর কর্মকর্তারা। পরিদর্শনের পর দুর্গামূর্তি তৈরির কাজ শীঘ্রই শুরু করার ঘোষণা করা হয়েছে। এই সৌন্দর্যায়নের জন্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ হবে বলে জানানো হয়েছে এবং দুর্গা প্রতিমার মডেলের ছবিও প্রকাশ্যে আনা হয়েছে।  

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় অর্থ সাহায্য পাবেন শুধু এরা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

এই সৌন্দর্যায়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর হাওড়ার চেহারা বদলে যাবে বলে দাবি করেন বিধায়ক। অন্যদিকে কলকাতায় লন্ডন আই (London Eye)-এর আদলে কলকাতা আই (Kolkata Eye) গড়ে তোলার কথাও বলেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী। এই সমস্ত সৌন্দর্যায়ন কর্মসূচিগুলি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি নয়, তার সাথে একাধিক কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশ্বাস উমেশ রাইয়ের।