প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার কাটছাঁট হবে পুজোর অনুদান! স্বাবলম্বী কমিটি গুলোকে বাদ দেওয়া হবে তালিকা থেকে! শুক্রবার নিউটাউনের অনুষ্ঠান থেকে পুজো অনুদান (Durga Puja Grant) নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ক্ষমতার রদবদল হতেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে বিজেপি সরকার। কিছুদিন আগেই ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দিত পূর্বতন সরকার, তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার নজরে আসল ক্লাব কমিটিগুলোকে অনুদান দেওয়ার প্রসঙ্গ।
পুজোতে মমতার ঢালাও অনুদান
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে দুর্গাপুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি নিবন্ধিত দুর্গাপূজা কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দিয়েছিলেন। যা ২০২৪ এর তুলনায় ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ছাড়ের পাশাপাশি ফায়ার লাইসেন্সসহ সমস্ত সরকারি ফি সম্পূর্ণ মকুব করার ঘোষণা করেছিল বিগত সরকার। তবে এবার সেই অনুদানে বড় পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঢালাও অনুদান দেওয়ার রীতিকে পরিবর্তন করে দিলেন। জানাই দিলেন নতুন ‘বাছাই নীতি’র কথা।
কী বলছেন শুভেন্দু অধিকারী?
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সভা থেকে এক সাংবাদিক বৈঠকে দুর্গাপূজার অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “দুর্গাপূজার অনুদান দেওয়া নিয়ে আমি খুব শীঘ্রই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করব। তবে আমার ব্যক্তিগত ও সরকারের প্রাথমিক নীতি খুব স্পষ্ট। আমি মনে করি সরকারি এই অনুদান বড় বা স্বাবলম্বী পুজো কমিটিগুলোর প্রয়োজন নেই, তাই তাদের সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। যারা টাকার জন্য পুজো করতে পারেন না, তাদের সাহায্য করবে সরকার। এতে পুজো হবে, আরও বেশি করে হবে।”
আরও পড়ুন: বাঁকুড়ার পঞ্চায়েত অফিসেই মদ্যপ অবস্থায় অচৈতন্য প্রধান, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, বিগত বছরগুলিতে দুর্গাপুজোর অনুদান নিয়ে এক আলাদাই উত্তেজনামূলক পরিস্থিতি থেকে পুজো কমিটিগুলোর। এই অবস্থায় আজ নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ওয়াকিবহাল মহলের মতে, নতুন সরকার ঢালাও বিলিয়ে দেওয়ার সমীকরণ থেকে বেরিয়ে সরকারি অর্থের সঠিক ব্যবহার করতে চাইছে। এখন দেখার, পুজোর অনুদান নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়।










