প্রীতি পোদ্দার, কলকাতা: খাদ্যপ্রিয় বাঙালির কাছে চিংড়ি, কাঁকড়া খুবই পছন্দসই খাবার! চিংড়ির যেমন হরেক রকম পদ রয়েছে ঠিক তেমনই আবার কাঁকড়ার (Kakra) ক্ষেত্রেও রয়েছে নানান স্বাদের রান্না। আর ঝাল ঝাল কাঁকড়া হলে তো কোনো কথাই নেই! কব্জি ডুবিয়ে একথালা ভাত শেষ হয়ে যাবে। তাই আজকে এই নববর্ষের দিনে আপনাদের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম আমরা। আর সেটি হল লাউ কাঁকড়া (Lau Kakra Recipe)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
লাউ কাঁকড়া বানানোর পদ্ধতি
বাঙালির খানা খাজানায় এমন অনেক রান্নার পদের নাম রয়েছে যেগুলি অনেকেই শোনেনি। সেরকমই একটা অভিনব পদ হল লাউ কাঁকড়া। বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের তরকারি বা লাউ চিংড়ির স্বাদ হয়তো সকলেই জানেন। এমনকি অনেকেই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টও খেয়েছেন। অন্যদিকে কাঁকড়া কষা কিংবা কাঁকড়ার মশলাদার ঝোলও অনেকে খেয়েছেন। কিন্তু কখনও কি লাউ কাঁকড়ার তরকারি খেয়েছেন? তাহলে চলুন আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন ভাবে রাঁধতে হয় লাউ কাঁকড়া।
উপকরণ
লাউ কাঁকড়া রান্নার জন্য যে সকল উপকরণের দরকার সেগুলি হল লাউ, কাঁকড়া, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, ঘি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা গোলমরিচ, সাদা জিরে, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি।
বানানোর পদ্ধতি
লাউ কাকড়া বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর কচি লাউ দেখে ভালো করে সরু এবং মাঝারি সাইজে কেটে নিতে হবে। অন্যদিকে একটি মিক্সিং বোলে কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, হলুদ এবং সাদা জিরে ভালো করে পেস্ট করে নিতে হবে। তৈরি হয়ে গেল মশলা। এবার একটি কড়াইতে সামান্য সরষের তেল নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে।
আরও পড়ুন: গরমে মোজা খুললেই বাজে গন্ধ? চিন্তা নেই, সহজ ৪ উপায়ে মিলবে মুক্তি
ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলোকে আলাদা পাত্রে রেখে ওই একই তেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে। সেগুলি নাড়াচাড়া করে ওর মধ্যে মশলা পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। লাউ সিদ্ধ হয়ে গেলে তুলে রাখতে হবে অন্য পাত্রে। সবশেষে একটি আলাদা প্যানে সামান্য ঘি, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ ও আদাবাটা দিয়ে দিতে হবে। এরপর সেই মশলার ওপর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। একটু কষে এলে ওর মধ্যে তুলে রাখা লাউ দিয়ে দিতে হবে। ব্যাস ভালো করে মাখিয়ে নিলেই তৈরি লাউ কাঁকড়া।










