পুজোর নিরামিষ মেনুতে রাখুন নবরত্ন কোর্মা, রইল সহজ রেসিপি

Published:

Nabaratna Korma

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপূজা (Durga Puja 2026) উপলক্ষে অনেকের বাড়িতেই নিরামিষ রান্নার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই নিরামিষ রান্না করতে গেলে অনেকের চিন্তার শেষ থাকে না। কারণ অনেকেই নিরামিষ খাবার খেতে পছন্দ করেন না। তবে এমন অনেক নিরামিষ পদ রয়েছে যেগুলি গোল দেবে পোলা মাটন চিকেনকেও। যার মধ্যে অন্যতম হলো নবরত্ন কোর্মা (Nabaratna Korma)। দুপুরবেলা ভাত অথবা পোলাও কিংবা রাতের লুচি, পরোটা, রুটি সঙ্গে অনায়াসে চলে যেতে পারে এই পদ। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

নবরত্ন কোর্মা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল : ১৫০ গ্রাম চারমগজ, কাঠ বাদাম, পোস্ত, টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, গাজর কুচি, ফুলকপি কুচি, মিষ্টি ভুট্টা, কড়াইশুঁটি, বিনস্, ক্যাপসিকাম, পনির, কাজু, কিসমিস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সাদা মরিচ গুঁড়ো, চিনি, দুধ, গরম মশলা, এলাচ গুঁড়ো, ক্রিম, ঘি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি বাটিতে চারমগজ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলোর মধ্যে ১৪-১৫ টি কাঠবাদাম এবং ২ চামচ পোস্ত দিয়ে দিতে হবে। এবার সেগুলি ভালো করে নাড়াচাড়া করে অন্তত ১০ থেকে ১৫ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • এরপর আরো একটি মিশ্রণ বানানোর জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আদা কুচি এবং কাঁচালঙ্কা। এবার কড়াইয়ে জল গরম করে ওর মধ্যে প্রথমে কাজর কুচি গুলো সেদ্ধ করে নিতে হবে। তারপরেই এক এক করে ফুলকপি, মিষ্টি ভুট্টা, কড়াইশুঁটি, বিনস্ সেদ্ধ করে নিতে হবে। প্রায় সাত থেকে আট মিনিট সেদ্ধ করার পর সবজি গুলোকে বরফ গলা জলের মধ্যে দিয়ে দিতে হবে।
  • অন্যদিকে কড়াইতে সামান্য সাদা তেল গরম করে পনিরগুলোকে এপিঠ ওপিঠ হালকা ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কাজু এবং কিসমিস আলাদা করে ভেজে নিতে হবে। সব ভাজা হয়ে এলে ওই তেলের মধ্যেই সামান্য ঘি গরম করে নিতে হবে।

আরও পড়ুন: একঘেয়ে মাছ রান্না না করে বাড়িতেই বানান বাংলাদেশি স্টাইলে কাসন পোড়া ঝোল, রইল রেসিপি

  • ঘি গরম হয়ে এলে ওর মধ্যে এবার এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যেই টমেটোর মিশ্রণটা ঢেলে দিতে হবে। সাত থেকে আট মিনিট মাঝারি আছে সামান্য কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে ঢেলে দিতে হবে চারমগজের মিশ্রণটা। কম আঁচে সাত থেকে আট মিনিট টানা কষাতে হবে এই মিশ্রণটা।
  • টমেটো এবং চারমগজের মিশ্রণের মধ্যে মশলা হিসেবে এবার এক এক করে দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সাদা মরিচ গুঁড়ো এবং চিনি। ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। দুই থেকে তিন মিনিট কষানোর পর এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো এবং ক্যাপসিকাম কুচি ঢেলে দিতে হবে।
  • মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে দুধ। ৭-৮ মিনিট ফোটানোর পর ওর মধ্যে ভেজে রাখা পানির কিসমিস কাজু ঢেলে দিতে হবে। সম্পূর্ণটা নাড়াচাড়া করে নেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট পরে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এলাচ গুঁড়ো, গরম মশলা, ও ফ্রেস ক্রিম। ব্যাস তাহলেই তৈরি নবরত্ন কোর্মা (Nabaratna Korma)।
google button