প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষদের, তথা পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর পবিত্র সময় হল পিতৃপক্ষ (Pitru Paksha 2026)। অর্থাৎ এই সময় তাঁদের উদ্দেশে জল নিবেদন করাই হল উপযুক্ত সময়। এই বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার থেকে, যা শেষ হবে আগামী ১০ অক্টোবর শনিবার। বলা হয়, এই পবিত্র দিনগুলিতে নাকি কিছু জিনিস কেনা (Pitru Paksha Shopping) একদমই উচিত নয়। তাহলে নাকি ক্ষুব্ধ হন পূর্ব পুরুষেরা। কিন্তু সেই জিনিসগুলো আসলে কী তা অনেকেই জানেন না, তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পিতৃপক্ষের সময় মেনে চলতে হয় একাধিক নিয়ম
হিন্দুধর্মে পিতৃপক্ষের ১৫ দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষরা এই সময় মর্ত্যলোকে আসেন বংশধরদের হাত থেকে জল পান করতে। পিতৃপক্ষে তাই তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে। তাই শাস্ত্র অনুযায়ী এই সময় কিছু কেনাকাটা না করাই ভালো। কারণ প্রচলিত বিশ্বাস, এই সময়কে ভোগ-বিলাস বা শুভ কাজের পরিবর্তে সংযম, সাদামাটা জীবনযাপন এবং পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর সময় হিসেবে দেখা হয়। তাই ভুলেও এই সকল জিনিস পিতৃপক্ষের সময় কিনবেন না।
বাড়ি গাড়ি
পিতৃপক্ষের তিথিতে নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনা থেকে বিরত থাকতে হবে। কারণ জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাসে মনে করা হয়, পিতৃপক্ষের সময়ে বড় ধরনের সম্পত্তি বা যানবাহন কেনা শুভ ফল নাও দিতে পারে। তাই দেবীপক্ষের সূচনা হলেই সেই নতুন আসবাব, ইলেকট্রনিক সামগ্রী এবং বিলাসিতার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিস কেনা ভালো।
আরও পড়ুন: জানেন মহালয়ার ভোরে কেন তর্পণ করা হয়?
নতুন পোশাক ও গয়না
শাস্ত্র অনুযায়ী এই সময় নতুন পোশাক এবং সোনা-রুপোর গয়না কেনা একদমই উচিত নয়। কারণ নতুন পোশাক ও অলঙ্কারকে সাধারণত আনন্দ, উৎসব ও ভোগ-বিলাসের প্রতীক হিসেবে দেখা হয়। তবে সর্বার্থ সিদ্ধি, অমৃত সিদ্ধি যোগ থাকলে পিতৃপক্ষের মধ্যেও নতুন জিনিস কেনায় বাধা নেই। এছাড়াও এই সময় নতুন ঝাঁটা এবং লবণ কেনা থেকে বিরত থাকুন।
সর্ষের তেল এবং সিঁদুর
পিতৃপক্ষ চলাকালীন এই সময় সর্ষের তেল না কিনলেও খুব ভাল হয়। এছাড়াও এই সময় কোনও বিবাহিত মহিলা সিঁদুর কিনবেন না। পাশাপাশি কালো বা গাঢ় রঙের নতুন পোশাক কেনাকাটাও অশুভ বলে মনে করা হয়। তার বদলে এই সময়ে দান-পুণ্য, তর্পণ, পিণ্ডদান এবং প্রয়োজনীয় মানুষকে সাহায্য করার উপর গুরুত্ব দেওয়া হয়।










