এই কোড না দিলে ফেরত যাবে LPG সিলিন্ডার, বদলে গেল গ্যাস ডেলিভারির নিয়ম

Published:

LPG Cylinder Delivery

সৌভিক মুখার্জী, কলকাতা: রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার জন্য এবার নতুন নিয়ম নিয়ে আসলো গ্যাস কোম্পানিগুলি (LPG Cylinder Delivery)। এখন থেকে সিলিন্ডার হাতে পাওয়ার জন্য গ্রাহকদের মোবাইলে আসা একটি বিশেষ কোড ডেলিভারি ম্যানকে অবশ্যই দিতে হবে। এই নতুন ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে ডিএসি বা ডেলিভারি অথেন্টিকেশন কোড (Delivery Authentication Code)। এই কোড না দিলে আপনার বুক করা সিলিন্ডার পাবেন না, এবং সেটি ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবে ডেলিভারি কর্মী।

কী এই ডিএসি নম্বর?

সহজ ভাষায়, ডিএসি নম্বর অনেকটা ওটিপির মতোই। এটি একটি ইউনিক কোড, যেটি প্রত্যেকবার গ্যাস বুকিং করার পর গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হয়। কালোবাজারি রুখার জন্য এবং সঠিক গ্রাহকের হাতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ কোড চালু করা হয়েছে গ্যাস কোম্পানিগুলির তরফ থেকে।

কোম্পানিগুলির দাবি, অনেক সময় গ্রাহকের অজান্তেই তাঁর নামে বুক করা সিলিন্ডার অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয় বা ওজন কমিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই জালিয়াতি রুখার জন্য ও ভুল বিলিং বন্ধ করার জন্য ডিএসই সিস্টেম চালু করা হয়েছে। এই কোড ছাড়া ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন হবে না। যার ফলে গ্রাহকদের সুরক্ষা আরও বাড়বে।

কীভাবে পাবেন এই ডিএসি কোড?

যখন আপনি মোবাইল অ্যাপ, কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করবেন তখনই আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি মেসেজ পাবেন। অনেক সময় সিলিন্ডারটি যখন গোডাউন থেকে ডেলিভারির জন্য বের হয় তখনও গ্রাহকের ফোনে রিমাইন্ডার হিসেবে এই কোড পাঠিয়ে দেওয়া হয়। আর সিলিন্ডার নিয়ে ডেলিভারি বয় আপনার বাড়িতে এলে সে আপনার কাছে কোড জানতে চাইবেন। তখন আপনাকে ইনবক্স চেক করে তাঁকে সেই কোড জানাতে হবে।

আরও পড়ুন: “৪% DA দেব বলেছিলাম…’ বাজেটে ঘোষিত মহার্ঘ ভাতা নিয়ে বড় মন্তব্য মমতার

তবে হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা কিংবা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণে যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আপনি ডেলিভারি কর্মীকে কোডটি পুনরায় পাঠানোর জন্য বলতে পারেন। তিনি আবারও তাঁর অ্যাপের মাধ্যমে তা পাঠাতে পারবেন। আর সংশ্লিষ্ট কোম্পানির অফিসিয়াল অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেও আপনি নিজের বুকিং স্ট্যাটাস কিংবা কোড জেনে নিতে পারবেন।