সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় ক্যাশ লেনদেনের থেকে ইউপিআই বা অনলাইন লেনদেনই (UPI Payment) বেশি হয়। তবে এর কারণেই প্রতারণার সম্মুখীন হয় সাধারণ মানুষ। কিন্তু সরকার এবার ইউপিআই (Unified Payment Interface) ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে চলতি মাস থেকেই বড়সড় পরিবর্তন আনছে। জানা গিয়েছে, এবার থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য শুধুমাত্র পিন দিলেই হবে না, বায়োমেট্রিক লক বা ফেস আইডি ইত্যাদিও ব্যবহার করতে হবে। এমনকি এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও সুরক্ষিত হচ্ছে ইউপিআই
যেমনটা জানা গিয়েছে, এবার থেকে ইউপিআই দিয়ে পেমেন্ট করার সময় কারও নম্বর বসালে বা কিউআর কোড স্ক্যান করলে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে তা আপনার মোবাইলে ভেসে উঠবে। এর থেকে বোঝা যাবে যে, সেটি জালিয়াতি কিনা। এমনকি শুধুমাত্র পিন দিলেই পেমেন্ট হবে না। দিতে হতে পারে বায়োমেট্রিক। এর জন্য বেশ কিছু সেটিংও চালু করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাতে জালিয়াতি থেকে রক্ষা পাওয়া যায়।
সরকার ইউপিআই পেমেন্টকে জালিয়াতি মুক্ত এবং সুরক্ষিত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- ইউপিআই দিয়ে পেমেন্টের সময় আপনি পেমেন্ট অ্যাপের পরিবর্তে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে প্রতারণার শিকার হলে ব্যাংক আরও সাহায্য করবে।
- জুন মাস থেকে পেমেন্ট করার সময় সেই ব্যক্তির ব্যাংকে যা নাম আছে, তা আপনি সরাসরি দেখতে পাবেন।
- কারও কাছ থেকে টাকা নেওয়ার জন্য কখনও পিন ইনপুট করবেন না। এতে জালিয়াতির শিকার হতে পারেন।
- ইউপিআই পেমেন্টের জন্য যে অ্যাপ ব্যবহার করছেন, সেটি আপডেট রয়েছে কিনা তা যাচাই করতে হবে।
- অপরিচিত কোনও কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকতে হবে। এগুলির মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।
আরও পড়ুন: UPI-কে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ, এই ৫ সেটিংস অন করে বাঁচুন প্রতারণার থেকে
চালু করুন এই সেটিংসগুলি
তবে ইউপিআইকে আরও সুরক্ষিত রাখার জন্য সরকার এবার কিছু সেটিংস চালু করার নির্দেশ দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- আপনার ফোন এবং ইউপিআই অ্যাপ উভয়েই বায়োমেট্রিক লক চালু রাখার চেষ্টা করুন। এতে কেউ ফোন কিংবা পেমেন্ট অ্যাপ খুলতে পারবে না।
- পেমেন্ট অ্যাপগুলি সব সময় গোপন রাখার চেষ্টা করুন। এমনকি অতিরিক্ত নিরাপত্তার জন্য আলাদা পিন দিয়ে লক করে রাখুন।
- পেমেন্ট এবং ব্যাংকিং অ্যাপের নোটিফিকেশন সবসময় চালু রাখুন। আর ফোনের সেটিংসে অ্যাপগুলির জন্য আলাদা নোটিফিকেশন রিংটোন সেট করে রাখুন।
- আরও নিরাপদ থাকার জন্য ব্যাংকিং অ্যাপে সর্বোচ্চ দৈনিক ট্রান্সফার সীমা সেট করে রাখুন। কারণ, প্রতারণার শিকার হলে ক্ষতির পরিমাণ অল্পের উপর দিয়ে যাবে।
- বিদেশ ভ্রমণ না করলে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট, আন্তর্জাতিক ইউপিআই লেনদেন সবসময় বন্ধ রাখুন।










