প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠল? চেক করুন এভাবে

Published:

Pradhan Mantri Awas Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় রাজনৈতিক পরিবর্তন হতেই কেন্দ্রীয় প্রকল্পগুলি একের পর এক গতি পাচ্ছে। ১০০ দিনের কাজের বকেয়া মিটে যাওয়ার পর এবার রাজ্যজুড়ে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (Pradhan Mantri Awas Yojana)। প্রায় দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ ছিল, এই অভিযোগ দেখিয়েই রাজ্য সরকার এই প্রকল্প চালায়নি। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে রাজ্যজুড়ে উপভোক্তাদের নাম ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে তদন্ত করে রিপোর্ট পেশের ডেডলাইনও দেওয়া হয়েছে। কিন্তু আপনার নাম এই প্রকল্পের তালিকায় আছে কিনা তা কীভাবে জানবেন?

কত টাকা দেয় কেন্দ্র সরকার?

বলে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহর উভয় এলাকায় গরীব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে স্থায়ী পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়। গ্রামীণ এলাকার ক্ষেত্রে সমতল ভূমিতে পাকা ঘর তৈরি করার জন্য সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১.২০ লক্ষ টাকা প্রদান করে, যেটি দুটি কিস্তিতে প্রদান করা হয়। কিন্তু দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে ১.৩০ লক্ষ টাকা দেওয়া হয়।

কিন্তু হ্যাঁ, ঘর তৈরির পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার বা টয়লেট বানানোর জন্য আরও অতিরিক্ত ১২ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও উপভোক্তারা ১০০ দিনের কাজের আওতায় ঘর তৈরীর মজুরি বাবদ প্রায় ৯০ থেকে ৯৫ দিনের দৈনিক কাজের পারিশ্রমিক পান। আর শহরের গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি যাতে সহজে নিজেদের বাড়ি তৈরি করতে পারে, তার জন্য গৃহঋণের ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত সুদের ভর্তুকি দেয় সরকার।

আরও পড়ুন: অভিষেককে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম-জুতো, সোনারপুরে তুঙ্গে উত্তেজনা

কীভাবে দেখবেন তালিকা?

আসলে এখন নিজের নাম নতুন তালিকায় রয়েছে কিনা তা দেখার জন্য পঞ্চায়েত সদস্যের ভরসায় বসে থাকার দরকার নেই। সহজেই নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবেন। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম নিজের মোবাইল ব্রাউজার থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা pmayg.nic.in অথবা pmayg.dord.gov.in ভিজিট করুন।
  • এরপর হোমপেজের মেনুবার থেকে ‘Awaassoft’ অপশনটিতে ক্লিক করে ড্রপডাউন থেকে ‘Report’ অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এরপর একটি নতুন পেজ খুলবে। সেটি স্ক্রল করে একদম নিচে নেমে গিয়ে ‘H’ কলামের ভিতরে ‘Beneficiary details for verification’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর বাঁদিকে সার্চ ফিল্টারে আপনার নিজের তথ্যগুলি নির্বাচন করতে হবে।
  • সেখানে অবশ্যই নিজের রাজ্যের নাম, জেলা, ব্লক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম, যে অর্থবর্ষের তালিকা দেখতে চান সেটি এবং স্কিমের নামের জায়গায় ‘Pradhan Mantri Awaas Yojana Gramin’ সিলেক্ট করতে হবে।
  • এরপর স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • সেখানে ক্লিক করলেই নিচে আপনার পঞ্চায়েতে সমস্ত নির্বাচিত উপভোক্তাদের নামের তালিকা দেখতে পাবেন, এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও পেমেন্টের বর্তমান পরিস্থিতি ভেসে উঠবে। সেটি পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন।