নিরামিষ রান্নায় দুর্দান্ত স্বাদ, দুপুরের মেনুতে রাখুন মানকচুর পুর ভরা পটল

Published:

Mankochur Pur Vora Patal Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন প্রজন্মের কাছে নিরামিষ রান্না মানেই বড় ঝামেলার কাজ। স্বাদ যেন তাদের মুখে জমেই না। এদিকে অল্প কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় অসাধারণ এক একটি পদ (Cooking Tips)। আমাদের রোজকার বাজারে প্রায় সময়ই পটল নিয়ে আসা হয়, যা সকলের কাছে খুবই বোরিং। তবে চিন্তা নেই, আজ এই পটল দিয়েই এক দুর্দান্ত নিরামিষের রেসিপি নিয়ে এসেছে আমাদের আজকের এই প্রতিবেদন, আর সেটি হল মানকচুর পুর ভরা পটল (Mankochur Pur Vora Patal Recipe) রেসিপি।

উপকরণ

মানকচুর পুর ভরা পটল রান্নার জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলি হল, দুধমান কচু পাতা, পটল, চালমগজ, পোস্ত, কাজুবাদাম, কালো সর্ষে, লঙ্কা, নুন, হলুদ, চিনি, ব্যাসন, সর্ষের তেল।

পদ্ধতি

১. প্রথমে বাজার থেকে আনা দুধমান কচু পাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর পটলগুলির খোসা ছাড়িয়ে উপর থেকে সামান্য ফুটো করে চামচের পিছনের অংশের মাধ্যমে ভিতরের দানাগুলি বের করে নিতে হবে। এরপর একটি মিক্সিতে চালমগজ, পোস্ত, কাজুবাদাম ভালো করে মিক্সড করে একটি বাটা বানিয়ে নিতে হবে। অন্যদিকে আবার কালো সর্ষে, লঙ্কা, নুনের একটা আলাদা মিশ্রণ বানিয়ে নিতে হবে।

২. এবার কড়াইতে সামান্য জল দিয়ে কুচি করে কেটে রাখা দুধমান কচু পাতা ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর সেই সিদ্ধ পাতাগুলির মধ্যে চালমগজ, পোস্ত এবং কাজুবাদামের বাটা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে চালমগজ, পোস্ত এবং কাজুবাদামের বাটা পুরোটা ঢালবেন না, সামান্য কিছুটা আলাদা করে রাখবেন। এবার পটলের ভিতরে ওই পুরটা দিয়ে দিতে হবে। এবং পটলের মুখটা আটকে দেওয়ার জন্য সামান্য ব্যাসন গুলে দিতে হবে।

আরও পড়ুন: গরমে হিট ভাইরাল তরমুজ জুস, জেনে নিন রেসিপি

৩. কড়াইতে সামান্য তেল দিয়ে এবার মাঝারি আঁচে এক এক করে পুর ভর্তি পটলগুলো ভেজে নিতে হবে। হয়ে এলে সেগুলি তুলে নিয়ে এবার ওই একই তেলে বাকি চালমগজ, পোস্ত এবং কাজুবাদামের বাটা, কালো সর্ষে, লঙ্কা, নুনের বাটাও দিয়ে দিতে হবে। তার সঙ্গে সামান্য হলুদ, চিনি, নুন দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করার পর ওই মশলায় ভাজা পটলগুলি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। সবশেষে ওর উপরে সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি মানকচুর পুর ভরা পটল। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে।