প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রীষ্মের তীব্র দাবদাহে চারিদিকে যখন তাপপ্রবাহ পরিস্থিতি সেই সময় প্রখর রোদ আর লু-বইবার কারণে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ে সকলের। তাই মানুষ এই অসহ্য গরম থেকে শরীর ঠান্ডা রাখতে লেবুর শরবত, আম পোড়ার মতো শরবত (Summer Special Drinks) বেশি করে পান করে থাকেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তরমুজের জুস (Viral Watermelon Juice Recipe)। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এই জনপ্রিয় জুসের রেসিপি নিয়ে।
ভাইরাল তরমুজ জুস
গরমকালে আমের প্রতি যেমন সবার আলাদা একটা আকর্ষণ রয়েছে, ঠিক তেমনই তরমুজের প্রতিও রয়েছে অন্যরকম ভালোবাসা। যদিও এই ফল গ্রীষ্মের দিনে খাওয়া শরীরের পক্ষে বেশ উপকারী। কারণ তরমুজের রস পান করলে কেবল শরীর ঠান্ডা হয় না, তার সঙ্গে পুষ্টিগুণে সমৃদ্ধ এই রস গরমের সময় পান করলে শরীর বেশ হাইড্রেট থাকে। তাহলে চলুন আর দেরি না করে একনজরে জেনে নেওয়া যাক কেমন ভাবে বানানো যায় এই তরমুজের জুস।
উপকরণ
তরমুজের জুস বানানোর জন্য যে যে উপকরণ লাগবে, সেগুলি হল- তরমুজ, পুদিনা পাতা, পাতি লেবু, চিনি গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বরফ
পদ্ধতি
তরমুজের জুস বানানোর জন্য প্রথমে বাজার থেকে কিনে আনা তরমুজ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সেই তরমুজটিকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার সেই টুকরো থেকে বীজগুলো বের করে নিতে হবে। অন্যদিকে সামান্য পুদিনা পাতাও জলে ধুয়ে নিতে হবে। এবার একটি মিক্সারে তরমুজের টুকরো এবং পুদিনা পাতা দিয়ে একসঙ্গে রস বের করে নিতে হবে। সেই মিশ্রণটিকে ভালো করে ছেকে নিতে হবে।
আরও পড়ুন: কাঁচা আম দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত আমপোড়া মুরগি, খাবেন চেটেপুটে
ওই মিশ্রণের মধ্যে এবার চিনি গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওর মধ্যে সামান্য পাতিলেবুর রসও দিয়ে দিতে হবে। তাহলে সামান্য টক টক স্বাদ আসবে। সব শেষে গ্লাসের মধ্যে সামান্য বরফের কুচি নিয়েই তরমুজের রস ঢেলে নিলেই তৈরি গরমের জন্য স্পেশাল ভাইরাল তরমুজের জুস।










